সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:৪৫ পিএম
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফাস্ট বোলার ব্রেট লি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন সাবেক এই তারকা ক্রিকেটার। খবর সামা টিভি।
পোস্টে ব্রেট লি জানান, কাজের সূত্রে নিয়মিত দুবাই যাতায়াত করতে গিয়েই শহরটির সঙ্গে তার গভীর সংযোগ তৈরি হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই সফরগুলো নতুন সম্ভাবনা ও সুযোগে পরিণত হয়। যা শেষ পর্যন্ত তাকে দুবাইকেই নিজের নতুন ঠিকানা হিসেবে বেছে নিতে উদ্বুদ্ধ করে।
দুবাই সম্পর্কে লি বলেন, এটি এমন একটি শহর যেখানে রয়েছে নতুন সুযোগ, অসাধারণ মানুষ, পরিবারের সঙ্গে সময় কাটানোর সুবিধা এবং উন্নত জীবনযাপন ব্যবস্থা। সেখানে কাটানো প্রতিটি মুহূর্তই তিনি উপভোগ করছেন বলেও উল্লেখ করেন।
তিনি আরও জানান, তার সন্তানরা দুবাইয়ে ভালোভাবে বেড়ে উঠছে। এখানকার স্কুলগুলোর মান উন্নত এবং চারদিকে খেলাধুলার জন্য অনুকূল পরিবেশ রয়েছে, যা পরিবারের জন্য বড় একটি ইতিবাচক দিক।
তবে অস্ট্রেলিয়াকে তিনি সবসময়ই নিজের ‘ঘর’ হিসেবে বিবেচনা করেন বলে জানান ব্রেট লি। অস্ট্রেলিয়ায় গড়ে তোলা জীবন, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বলেন, দুবাই এমন একটি জায়গা, যেখানে সবকিছুই সম্ভব বলে মনে হয়।
আরটিভি/এসকে