images

খেলা / ক্রিকেট

এসিসির সভায় যোগ দিতে কুয়েত গেলেন বিসিবি সভাপতি বুলবুল

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:১৪ পিএম

এশিয়ার ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সংগঠন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় অংশ নিতে কুয়েতে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গতকাল রাতেই তিনি ঢাকা ত্যাগ করেন এবং বুধবার (১১ ফেব্রুয়ারি) কুয়েতে পৌঁছান।

এসিসির এই সভায় এশিয়ার বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের প্রধানরা অংশ নেবেন। বৈঠকে সমসাময়িক ক্রিকেট ইস্যু, আসন্ন টুর্নামেন্ট এবং আঞ্চলিক ক্রিকেট উন্নয়ন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দুই দিনের সফর শেষে দেশে ফেরার কথা রয়েছে বিসিবি সভাপতির। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একজন পরিচালক।

এর আগে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। ফলে দেশটিকে বাইরে রেখেই শুরু হয় টুর্নামেন্টটি। পরবর্তীতে বাংলাদেশের প্রতি সমর্থন জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তও নেয় তারা। যদিও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসে পাকিস্তান।

আরও পড়ুন
asia-cup

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ নারী ক্রিকেট দল

পাকিস্তান সরকার জানিয়েছে, বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধের প্রেক্ষিতে ভারতের বিপক্ষে খেলতে অনুমতি দেওয়া হয়েছে। অনুরোধ জানানো দেশগুলোর মধ্যে বাংলাদেশও ছিল। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে পাকিস্তানকে মাঠে নামার আহ্বান জানিয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আরটিভি/এসকে