শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৩:৪১ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে প্রথম বড় অঘটন ঘটালো জিম্বাবুয়ে। শক্তিশালী অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে ‘বি’ গ্রুপে নিজেদের অবস্থান শক্ত করেছে সিকান্দার রাজার দল।
কলম্বোতে টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক ট্রেভিস হেড জিম্বাবুয়েকে ব্যাট করতে আমন্ত্রণ জানান। সুযোগটা কাজে লাগিয়ে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৬৯ রান তোলে জিম্বাবুয়ে।দারুণ সূচনা এনে দেন ওপেনার তাদিয়ানসে মারুমানি। ২১ বলে ৩৫ রান করেন তিনি। প্রথম উইকেটে আসে ৬১ রান। এরপর ব্রায়ান বেনেট ও রায়ান বার্ল মিলে গড়েন ৭০ রানের জুটি। ৩০ রান করে আউট হন বার্ল। তবে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন বেনেট ৫৬ বলে ৬৪ রান, ইনিংসটি সাজানো ছিল সাতটি চারে।
অধিনায়ক সিকান্দার রাজা করেন অপরাজিত ২৫ রান। অস্ট্রেলিয়ার হয়ে মার্কাস স্টোয়নিস ও ক্যামেরন গ্রিন একটি করে উইকেট নেন।

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। পাওয়ার প্লেতেই চার উইকেট তুলে নেন ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্স। চাপে পড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট রেনশো। দুজনের ৭৭ রানের জুটি অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরায়।
কিন্তু ৩১ রান করে ম্যাক্সওয়েল আউট হলে ভেঙে পড়ে অজিদের প্রতিরোধ। ব্যক্তিগত অর্ধশতক তুলে নেওয়া রেনশো সর্বোচ্চ ৬৫ রান করলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। অধিনায়ক ট্রাভিস হেড করেন ১৭ রান। বাকিদের কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। তিন ব্যাটার রানের খাতাই খুলতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ১৪৬ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন মুজারাবানি, ইভান্স পান তিনটি।
এই জয়ে ‘বি’ গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে জিম্বাবুয়ে। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। দুই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। এছাড়া আয়ারল্যান্ড ও ওমান যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে।
আরটিভি/এসকে