শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:৪৯ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে রোববার (১৫ ফেব্রুয়ারি) মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ভারত। মর্যাদার লড়াইয়ের পাশাপাশি এই ম্যাচে লক্ষ্য হলো সুপার এইট নিশ্চিত করা। ইতিমধ্যে নিজেদের প্রথম দুই ম্যাচে জয় নিয়েছে পাকিস্তান ও ভারত। তবে বৃষ্টি ম্যাচকে ব্যাহত করতে পারে।
৩৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন শ্রীলংকার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে দুই দল।
বিশ্বকাপ শুরুতে পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ম্যাচ খেলার সম্মতি দেওয়া হয়। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমিদের চোখের সামনে পাকিস্তান-ভারত লড়াই কাল মাঠে গড়াবে।
‘এ’ গ্রুপে পাকিস্তান নেদারল্যান্ডসকে ৩ উইকেটে ও যুক্তরাষ্ট্রকে ৩২ রানে হারিয়ে জিতেছে। ভারতের দলও একইভাবে যুক্তরাষ্ট্রকে ২৯ রানে এবং নামিবিয়াকে ৯৩ রানের বড় ব্যবধানে হারিয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করেছে। তবে রান রেটে এগিয়ে আছে ভারত।
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ব্যাটার বাবর আজম বলেন, নেদারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের পর দল খুশি। ভারত ম্যাচেও সেরাটা দিতে মুখিয়ে আছি। এই ম্যাচ জিতেই আমরা সুপার এইট নিশ্চিত করতে চাই। তিনি খেলোয়াড়দের শান্ত ও চাপমুক্ত থাকার পরামর্শও দিয়েছেন।
ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী বলেন, বিশ্বকাপে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। পাকিস্তানের বিপক্ষে খেলতে আমরা খুব উচ্ছসিত। শ্রীলংকার কন্ডিশনে পাকিস্তান কিছুটা এগিয়ে, কিন্তু আমাদের প্রস্তুতি ভালো। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
তবে ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারে। খেত্তারামা এলাকার আবহাওয়া পূর্বাভাসে খেলা শুরুর আগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ৫০-৭০ শতাংশ। বৃষ্টিতে খেলা কম ওভার বা টস দেরিতে শুরু হতে পারে। রাতে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হতে পারে।
টি-টোয়েন্টিতে দুই দলের সাম্প্রতিক মুখোমুখি হিসাব: ১৬ ম্যাচের মধ্যে ভারতের জয় ১২টি, পাকিস্তানের জয় ৩টি, এবং একটি ম্যাচ টাই হওয়ায় সুপার ওভারে জয় পায় ভারত।
এই ম্যাচের বিজয়ী দল সরাসরি সুপার এইটের টিকিট পাবে। বৃষ্টিতে খেলা ভেসে গেলে দু’দলের পয়েন্ট সমান হবে ৫ করে, তখনও শেষ ম্যাচের মাধ্যমে সুপার এইট নিশ্চিত হবে।
আরটিভি/এসকে