রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৪০ এএম
বুন্ডেসলিগায় দুর্বল ভার্ডার ব্রেমেনের বিপক্ষে মাঠে নেমেছিল শক্তিশালী বায়ার্ন মিউনিখ। সহজ প্রতিপক্ষ পেয়ে এই ম্যাচে জোড়া গোলে তুলে নিয়েছেন হ্যারি কেইন। এতে টানা টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করলেন হ্যারি কেইন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ভার্ডার ব্রেমেনের মাঠে ৩-০ গোলে জিতেছে বায়ার্ন। কেইনের নৈপুণ্যে ২৫ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় শিরোপাধারীরা। তাদের ১৭ বছর বয়সী মিডফিল্ডার লেনার্ট কার্ল ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
স্পট কিকে দলকে এগিয়ে নেন কেইন। তিন মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন এই ইংলিশ ফরোয়ার্ড। লিগে টানা তৃতীয় ম্যাচে জালের দেখা পেলেন তিনি।
গত সপ্তাহে হফেনহাইমের জালেও দুটি গোল করেছিলেন কেইন। এবারের বুন্ডেসলিগায় ২২ ম্যাচে তার গোল হলো ২৬টি। তারই সতীর্থ লুইস দিয়াস ১৩ গোল নিয়ে আছে দুইয়ে।
৭০তম মিনিটে আলফুঁস ডেভিসের পাস ডি-বক্সে পেয়ে শটে তৃতীয় গোলটি করেন জার্মান মিডফিল্ডার লেয়ন গোরেটস্কা।
২২ ম্যাচে ১৮ জয় ও তিন ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমু্ন্ড।
আরটিভি/এসআর