images

খেলা / ফুটবল

ধর্মঘট থেকে ফিরেই রোনালদোর গোল, সহজ জয় আল নাসরের

রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৫৬ এএম

আর্থিক বিষয় ও দলবদল ইস্যু নিয়ে আল নাসরের ম্যাচ বয়কট করেছিল ক্রিশ্চিয়ানো রোনালদো। গুঞ্জন ছিল, ক্লাব ছাড়তে যাচ্ছেন তিনি। তবে সব জল্পনা পেছনে ফেলে মাঠে ফিরেই গোল করে আল নাসরকে জেতালেন এই পর্তুগিজ তারকা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) আল-ফাতেহর বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচে রোনালদো আবার শুরুর একাদশে জায়গা পান এবং অধিনায়কের আর্মব্যান্ডও পরেন। ম্যাচটিতে রোনালদো ও আয়মান ইয়াহিয়ার গোলে ২-০ গোলে জয় পায় আল নাসর।

এর আগে চলতি মাসে আল ইত্তিহাদ ও আল রিয়াদের বিপক্ষে ম্যাচ দুটিতে তিনি খেলেননি। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ক্লাবের ট্রান্সফার কার্যক্রমে অসন্তুষ্টির কারণেই তিনি ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত ছিলেন।

আরও পড়ুন
LITecovered

ভিনিসিয়ুসের জোড়া গোলে বার্সেলোনাকে হটিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

কিন্তু এদিন মাঠে ফিরে নিজের গুরুত্ব প্রমাণ করতে সময় নেননি রোনালদো। ম্যাচের ১৮তম মিনিটে সাদিও মানে পেনাল্টি বক্সে পাস দিলে রোনালদো প্রথম স্পর্শেই বল জালে জড়ান। সুযোগটির এক্সপেক্টেড গোল রেশিও মাত্র ০.২১ হলেও, স্বভাবসিদ্ধ নিখুঁত ফিনিশিংয়ে দলে এগিয়ে দেন এই ৪১  বছর বয়সী ।

এর আগেই অবশ্য গোল পেতে পারতেন। প্রথম মিনিটেই একটি শট বারের ওপর দিয়ে মারেন এবং পরে মারসেলো ব্রজোভিচের পাসে বক্সের বাইরে থেকে শট নেন। শুরুর দিকে জোয়াও ফেলিক্স ও কিংসলে কোম্যানও সুযোগ পেয়েছিলেন।

ম্যাচের আগে আল-হিলালের চেয়ে চার পয়েন্ট কম নিয়ে আল নাসর লিগ টেবিলে তৃতীয় স্থানে ছিল। ম্যাচের পর পয়েন্ট ব্যবধান কমে দাঁড়িয়েছে ১–এ, তবে আল হিলাল একটি ম্যাচ কম খেলেছে। ব্যক্তিগতভাবে রোনালদো গোল্ডেন বুটের দৌড়েও আছেন। 

আল আহলির স্ট্রাইকার ইভান টনি তালিকার শীর্ষে, আর আল কাদসিয়াহ'র জুলিয়ান কুইনোনেসও এই পর্তুগিজের চেয়ে এগিয়ে।  শনিবারের গোলটি ছিল মৌসুমে রোনালদোর ১৭তম গোল।

দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে ইয়াহিয়া গোল করলে ব্যবধান দ্বিগুণ হয়। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।
 
আরটিভি/এসআর