images

খেলা / ক্রিকেট

ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচে যত রেকর্ড

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৪৬ এএম

অবশেষে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান দ্বৈরথে মাঠ গড়াল টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ লড়াই। মাঠের বাইরের উত্তেজনা যতটা ছিল, মাঠের খেলায় ততটা প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়নি। সূর্যকুমার যাদবদের দেওয়া ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সালমান আগার নেতৃত্বাধীন পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ১১৪ রানে। ফলে ৬১ রানের বড় ব্যবধানে জয় পায় ভারত।

শুরুর দিকে অভিষেক শর্মার উইকেট হারালেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন ওপেনার ইশান কিষাণ। মাত্র ২৭ বলে ফিফটি তুলে ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয় দ্রুততম অর্ধশতকের কীর্তি গড়েন তিনি। এর আগে মোহাম্মদ হাফিজ ২৩ বলে (২০১২, আহমেদাবাদ) এবং অভিষেক শর্মা ২৪ বলে (২০২৫, দুবাই) ফিফটি করেছিলেন। 

ইশান শেষ পর্যন্ত ৪০ বলে ১০ চার ও ৩ ছক্কায় করেন ৭৭ রান। দুই দলের টি-টোয়েন্টি লড়াইয়ে এটি চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তালিকার শীর্ষে আছেন বিরাট কোহলি (অপরাজিত ৮২)। এরপর রয়েছেন মোহাম্মদ রিজওয়ান (৭৯), কোহলি (৭৮), ইশান (৭৭) ও গৌতম গম্ভীর (৭৫)।

পাওয়ার প্লেতেই ইশানের ৪২ রান ভারত-পাকিস্তান টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এর আগে ২০২৫ এশিয়া কাপে শুভমান গিল করেছিলেন ৩৫ রান। ভারত এ ম্যাচে তোলে ১৭৫ রান দুই দলের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে সর্বোচ্চ ছিল ১৬০ (২০২২ সালে)।

অন্যদিকে পাকিস্তান প্রথম ইনিংসে ব্যবহার করে ৬ জন স্পিনার, যারা মিলে বল করেন ১৮ ওভার টি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ। ২০১২ সালে কলম্বোতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে একই কীর্তি গড়েছিল পাকিস্তান। পূর্ণ সদস্য দেশ হিসেবে স্পিনারদের ১৮ ওভার বল করানোর নজির রয়েছে জিম্বাবুয়েরও।

সব মিলিয়ে ম্যাচে দুই দল ব্যবহার করেছে ১১ জন স্পিনার (পাকিস্তান ৬, ভারত ৫) পুরুষদের টি-টোয়েন্টি ইতিহাসে যা সর্বোচ্চ। মাত্র ১১৪ রানে অলআউট হওয়ায় এটি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে ২০১৪ সালে ৮২ এবং ২০২৪ বিশ্বকাপে ১১৩ রানে গুটিয়ে যাওয়ার নজির রয়েছে।

আরও পড়ুন
SAKIB-MASHRAFE

সাকিব-মাশরাফির বিরুদ্ধে গণহত্যার মামলা বিশ্বাসযোগ্য নয়: ইশরাক

রানের ব্যবধানে ৬১ রানের এই হার বিশ্বকাপে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে তারা হেরেছিল ৮৪ রানে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৮টিতেই জয় ভারতের। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে ৬টির বেশি জয় নেই আর কারও।

এ ছাড়া পাকিস্তানের বিপক্ষে টানা ৬ টি-টোয়েন্টি জয়ের কীর্তি গড়েছে ভারত। ২০২৩ সালের পর ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে আইসিসি সীমিত ওভারের ইভেন্টে ভারতের টানা জয় এখন ১৬ ম্যাচ পুরুষ ক্রিকেটে যা সর্বোচ্চ।

আরটিভি/এসকে