বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৩৯ এএম
ভারতের চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরাম স্টেডিয়ামে নিউজিল্যান্ড-কানাডা ম্যাচে টসের সময় অধিনায়ক হিসেবে হাজির ছিলেন না নিয়মিত কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। তার পরিবর্তে টসে অংশ নেন ড্যারিল মিচেল।
অনেকেই প্রথমে বিষয়টি নিয়ে বিভ্রান্ত হলেও পরে জানা যায়, অসুস্থতার কারণে খেলতে পারেননি স্যান্টনার। ম্যাচের আগের রাতে চেন্নাইয়ের টিম হোটেলে বার্গার খাওয়ার পর খাদ্যে বিষক্রিয়াজনিত সমস্যায় পড়েন তিনি। ফলে তাকে বিশ্রামে রাখা হয় এবং মিচেলকে ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয়।
টস শেষে মিচেল বলেন, গত রাতে সে একটি বার্গার খেয়েছিল, যা স্বাস্থ্যকর ছিল না। আশা করি ২৪ ঘণ্টার মধ্যে সে সুস্থ হয়ে উঠবে।
স্যান্টনারের জায়গায় দলে সুযোগ পান কোল ম্যাককনকি। আর পেসার ফার্গুসন ব্যক্তিগত কারণে দেশে ফেরায় তার জায়গায় একাদশে অন্তর্ভুক্ত হন জেমিসন। জানা গেছে, সন্তান জন্মদানের সময় স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন ফার্গুসন।
তবে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি মাঠে খুব একটা প্রভাব ফেলেনি। গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্রর অপরাজিত অর্ধশতকে ভর করে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় নিউজিল্যান্ড। এই জয়ের ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে কিউইরা।
ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্যান্টনারকে নিয়ে মিচেল বলেন, সময়ের সঙ্গে সঙ্গে তার উন্নতি হচ্ছে। আশা করি আগামীকালের মধ্যেই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।
অধিনায়ক অসুস্থ থাকলেও দলের পারফরম্যান্সে তার প্রভাব পড়েনি বরং দারুণ এক জয় নিয়েই পরের পর্বে পা রাখল নিউজিল্যান্ড।
আরটিভি/এসকে