বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:০১ পিএম
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর সমালোচনার মুখে পড়েছে অস্ট্রেলিয়া। এরই মধ্যে সামনে এসেছে আরও বড় প্রশ্ন ১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেট ফেরার আসরে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে কি আদৌ দেখা যাবে অজি তারকাদের?
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী লস অ্যাঞ্জেলেস গেমসে টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট অন্তর্ভুক্ত হচ্ছে। সম্ভাব্য ছয় দলের এই প্রতিযোগিতায় আয়োজক দেশ যুক্তরাষ্ট্র সরাসরি খেলবে। বাকি পাঁচটি স্থান মহাদেশভিত্তিক বাছাই বা র্যাঙ্কিংয়ের মাধ্যমে নির্ধারিত হতে পারে। যদিও এখনো চূড়ান্ত যোগ্যতা অর্জনের নীতিমালা ঘোষণা করেনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
বিশ্লেষকদের মতে, যদি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি-টোয়েন্টি র্যাঙ্কিং বা সাম্প্রতিক বিশ্বকাপ পারফরম্যান্সকে মানদণ্ড ধরা হয়, তাহলে বড় চ্যালেঞ্জে পড়তে পারে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ায় তাদের র্যাঙ্কিংয়ে অবনমন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অন্যদিকে বিশ্বকাপে সুপার এইটে জায়গা করে নিয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। কিউইরা যদি সেমিফাইনালে পৌঁছাতে পারে, তবে র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে টপকে অলিম্পিকে সরাসরি খেলার সম্ভাবনাও উজ্জ্বল হবে।
সেক্ষেত্রে অলিম্পিকের মূল পর্বে জায়গা নিশ্চিত করতে অস্ট্রেলিয়াকে বাছাইপর্ব খেলতে হতে পারে। দ্বিতীয় সারির দলগুলোর বিপক্ষে কঠিন লড়াই দিয়েই পথ খুলতে হবে অজি তারকাদের যাদের মধ্যে আছেন স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেড।
সব মিলিয়ে, অলিম্পিক মঞ্চে অস্ট্রেলিয়ার অংশগ্রহণ এখনো অনিশ্চিত। সামনে কী হয়, সেটাই এখন দেখার বিষয়।
আরটিভি/এসকে