images

খেলা / ফুটবল

রোহিঙ্গাদের সঙ্গে ছোলা-মুড়ি দিয়ে ইফতার করলেন মেসুত ওজিল

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:২৫ পিএম

মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে কক্সবাজারে একদিনের সরকারি সফর করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান-এর পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে কক্সবাজার পৌঁছান তিনি। প্রতিনিধি দলের বিশেষ আকর্ষণ ছিলেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল।

সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রতিনিধি দলকে স্বাগত জানান। পরে তারা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও তুর্কি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

প্রেস ব্রিফিংয়ে বিলাল এরদোয়ান রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

দুপুরে প্রতিনিধি দলটি উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে তুরস্ক পরিচালিত ফিল্ড হাসপাতাল এবং শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন।

সফরের অন্যতম আকর্ষণ ছিল রোহিঙ্গাদের অংশগ্রহণে আয়োজিত একটি চ্যারিটি ফুটবল ম্যাচ। এ ম্যাচে বিলাল এরদোয়ান ও মেসুত ওজিল নিজেরাই মাঠে নেমে খেলায় অংশ নেন, যা শিবিরের বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।

খেলা শেষে প্রতিনিধি দলটি রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ছোলা-মুড়ি দিয়ে ইফতার করেন। এ সময় উপস্থিত ছিলেন তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিকা) সভাপতি আব্দুল্লাহ এরেন এবং ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।

রোহিঙ্গা শিবিরে চলমান মানবিক কার্যক্রম ও ত্রাণ পরিস্থিতি পর্যালোচনা শেষে প্রতিনিধি দলটির আজ রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে।


আরটিভি/এসকে