images

খেলা / ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:৩১ পিএম

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে উড়িয়ে ফাইনালের টিকিট কেটে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। লো-স্কোরিং এই ম্যাচে পাকিস্তান নারী ক্রিকেট দলকে ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে উঠেছে ফাহিমা খাতুনের দল। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত নারী ক্রিকেট দল।

মাত্র ১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই চাপে পড়ে পাকিস্তান। ইনিংসের শুরুতেই ইমান নাসেরকে বোল্ড করে ব্রেকথ্রু এনে দেন ফারিয়া তৃষ্ণা। পরের ওভারেই আরেক ওপেনার শাওয়াল জুলফিকারকে ফেরান দলনেতা ফাহিমা খাতুন। এরপর হুরাইনা সাজিদকে আউট করেন সানজিদা আক্তার মেঘলা।

এরপর আর দাঁড়াতে পারেনি পাকিস্তান। মাঝখানে ইউসরা আমির ও অধিনায়ক হাফসা খালিদ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে পাকিস্তানের ইনিংস থামে মাত্র ৫৬ রানে। দলের হয়ে সর্বোচ্চ ১২ রান করেন হাফসা খালিদ, ১১ রান আসে ইউসরা আমিরের ব্যাট থেকে। অন্য কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি।

বাংলাদেশের হয়ে বোলিংয়ে দাপট দেখান সানজিদা আক্তার মেঘলা নেন তিনটি উইকেট। অধিনায়ক ফাহিমা খাতুন শিকার করেন দুটি উইকেট। এছাড়া তিনজন বোলার নেন একটি করে উইকেট।

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা খুব একটা ভালো হয়নি। ৩.৫ ওভারে ওপেনিং জুটিতে আসে মাত্র ১৯ রান। ১৩ রান করে শামীমা সুলতানা ও ১২ রান করে ইসমা তানজিম ফিরে যান। তিন নম্বরে নেমে শারমিন সুলতানা করেন ১৫ রান।

আরও পড়ুন
Ly

আসিফ নজরুল একজন শিক্ষক হয়ে এভাবে মিথ্যা বলবে ভাবিনি: সালাউদ্দিন

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্ত আগলে রাখেন অধিনায়ক ফাহিমা খাতুন। ৩২ বলে অপরাজিত ৪০ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হন তিনি। অন্যদের মধ্যে লতা মণ্ডল ৫, ফারজানা ইয়াসমিন ৬, সাদিয়া আক্তার ৮, ফাতেমা জাহান ২ ও সানজিদা আক্তার মেঘলা ১ রান করেন। নির্ধারিত ওভার শেষে বাংলাদেশের ইনিংস থামে ১১০ রানে। দাপুটে এই জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই এবার ফাইনালে নামবে বাংলাদেশের মেয়েরা।

আরটিভি/এসকে