images

খেলা / ক্রিকেট

এবার অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন দেখছে ওমান

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:১৩ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার। জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর হতাশায় ডুবে থাকা দলটি আসর শেষ করবে ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে। আর প্রতিপক্ষের এই দুর্বল মুহূর্তকে বড় সুযোগ হিসেবেই দেখছে ওমান।

শ্রীলঙ্কার পাল্লেকেলেতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ম্যাচের আগে ওমান অধিনায়ক জতিন্দর সিং বলেন, এটা শতভাগ একটি সুযোগ। টি-টোয়েন্টি মুহূর্তের খেলা। যে দল সঠিক সময়ে সুযোগ কাজে লাগাতে পারে, তার জন্য যেকোনো কিছুই সম্ভব। অস্ট্রেলিয়া এখন ভালো করছে না এটাই তাদের হারানোর সেরা সময়।

গ্রুপ ‘বি’-তে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের কাছে হেরে পাঁচ দলের মধ্যে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে অস্ট্রেলিয়া। অন্যদিকে এখনো জয়হীন ওমান টুর্নামেন্ট শেষ করতে চায় ইতিবাচক পারফরম্যান্স দিয়ে।

অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড দলকে ‘ভেঙে পড়া’ মনে করলেও শেষ ম্যাচে প্রেরণার ঘাটতি দেখছেন না। তিনি বলেন, এই দলটা অনেক দিন ধরে একসঙ্গে পথচলা শুরু করেছিল। লক্ষ্য পূরণ না হলেও শেষটা ভালোভাবে করতে চাই। বিশ্বকাপে আমাদের আর একটি ম্যাচ বাকি, সেটিতেই পুরো মনোযোগ।

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ওমানের অবস্থান ২০তম। কাগজে-কলমে দুই দলের ব্যবধান বড় হলেও জতিন্দরের বিশ্বাস, টি-টোয়েন্টিতে তা সব সময় নির্ধারক নয়। তবে নিজেদের পারফরম্যান্স নিয়েও উদ্বিগ্ন তিনি। তিন ম্যাচে তার রান মাত্র ৫, ১ ও ৭; দলও বড় ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের কাছে।

ওমান অধিনায়ক মনে করেন, নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারলে অভিজ্ঞতার ঘাটতি অনেকটাই কমবে। তার ভাষায়, আমাদের দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ থাকলে বা খেলোয়াড়রা বাইরে নিয়মিত লিগে খেলতে পারলে জাতীয় দলে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারত। কিন্তু আমরা প্রতিযোগিতামূলক ক্রিকেট খুব কম খেলি।

ঘরোয়া কাঠামো নিয়েও আক্ষেপ জতিন্দরের। তিনি জানান, ওমানের ঘরোয়া টি-টোয়েন্টিতে প্রতিদ্বন্দ্বিতা কম, ফলে খেলোয়াড়দের মানও কাঙ্ক্ষিতভাবে বাড়ছে না।

আরও পড়ুন
ASIF-NAZRUL

আসিফ নজরুলকে নিয়ে বোমা ফাটালেন সালাউদ্দিন

অস্ট্রেলিয়ার জন্য ম্যাচটি সম্মানরক্ষার, আর ওমানের জন্য নিজেদের প্রমাণের। একদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা চায় হতাশা কাটিয়ে ইতিবাচক সমাপ্তি, অন্যদিকে র‍্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা ওমান স্বপ্ন দেখছে ইতিহাস গড়ার। পাল্লেকেলেতে তাই ম্যাচটি শুধু আনুষ্ঠানিকতা নয় এক দলের পুনরুদ্ধারের লড়াই, অন্য দলের জন্য বড় সুযোগ।

আরটিভি/এসকে