সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:৪২ পিএম
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া। জাতীয় ক্রীড়া পরিষদে প্রতিমন্ত্রীর কার্যালয়ে এসে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সংস্থাটির প্রেসিডেন্ট কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।
সাক্ষাৎকালে ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার পক্ষ থেকে প্রতিমন্ত্রী আমিনুল হকের হাতে অভিনন্দন বার্তা ও বিশেষ সুভ্যেনির তুলে দেন কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। এ সময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সার্বিক প্রেক্ষাপট এবং বিশেষ করে আরচ্যারীর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়।
আলোচনায় উঠে আসে অলিম্পিকে বাংলাদেশের সাফল্যের সম্ভাবনা। প্রতিমন্ত্রী আমিনুল হক আরচ্যারীকে দেশের অন্যতম সম্ভাবনাময় খেলা হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, অলিম্পিকের মতো বড় মঞ্চে পদক জয় করতে হলে প্রয়োজন নিরবচ্ছিন্ন ও উন্নত প্রশিক্ষণ। আরচ্যারীর এই অগ্রযাত্রায় সরকারের পক্ষ থেকে সব ধরনের নীতিগত ও অবকাঠামোগত সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার প্রেসিডেন্ট কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল জানান, ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আলোচনা অনেক ফলপ্রসু হয়েছে। বাংলাদেশ একটা আরচ্যারীর এক্সিলেন্স সেন্টার করা দরকার। এ ব্যাপারে ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া যতটুকু সম্ভব সহযোগিতা করবে। ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে এ ব্যাপারে আলোচনা হয়েছে। আমি প্রশাসনিক ও দাপ্তরিক সহযোগিতা চেয়েছি। জায়গা দরকার পড়লে ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া নিজে থেকে কিনে এক্সিলেন্স সেন্টার গড়ে তুলবে। অবশ্য বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। তাদের কাছে আমরা পরিকল্পনা চেয়েছি। এটা করতে গেলে বাংলাদেশ আরচ্যারীর ফেডারেশনের সহযোগিতা দরকার। অলিম্পিকে মেডেল পেতে গেলে নিরবিচ্ছিন্ন প্রশিক্ষণের দরকার হয়। মন্ত্রী মহোদয় এই বিষয়টা আমাকে জোর দিয়ে বলেছেন।
আরটিভি/এসকে