images

খেলা / ক্রিকেট

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৩:১৪ পিএম

ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বর্তমানে সুপার এইট রাউন্ড চললেও সেখানে জায়গা হয়নি বাংলাদেশের। তবে সুখবর হলো, এরই মধ্যে আসন্ন মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে আইসিসি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত সূচি অনুযায়ী, ইংল্যান্ডের মাটিতে আগামী ১২ জুন থেকে ১২ দলের অংশগ্রহণে শুরু হবে এই মেগা ইভেন্ট। বিশ্বকাপে অংশ নেবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী দল।

বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে শক্তিশালী গ্রুপ ‘এ’-তে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ, সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া,
ভারত,পাকিস্তান,দক্ষিণ আফ্রিকা,নেদারল্যান্ডস।

অন্যদিকে গ্রুপ ‘বি’-তে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

বিশ্বকাপ বাছাইপর্ব থেকে চার দল মূলপর্বে উঠেছে। এর মধ্যে বাংলাদেশ জায়গা করে নিয়েছে গ্রুপ ‘এ’-তে। বাছাইপর্বে গ্রুপপর্ব ও সুপার সিক্স মিলিয়ে ৭ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছিল টাইগ্রেসরা।

১২ জুন এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। একই ভেন্যুতে ১৪ জুন নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এটি হবে ডাচ নারী দলের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ।

গ্রুপপর্ব চলবে ১২ থেকে ২৮ জুন পর্যন্ত। এরপর  ৩০ জুন ও ২ জুলাই: সেমিফাইনাল, ৫ জুলাই: ফাইনাল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসূচি

১৪ জুন – বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস – এজবাস্টন (বিকেল সাড়ে ৩টা)

১৭ জুন – বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া – হেডিংলি (বিকেল সাড়ে ৩টা)

২০ জুন – বাংলাদেশ বনাম পাকিস্তান – হ্যাম্পশায়ার বোল (সন্ধ্যা সাড়ে ৭টা)

২৫ জুন – বাংলাদেশ বনাম ভারত – ওল্ড ট্রাফোর্ড (সন্ধ্যা সাড়ে ৭টা)

২৮ জুন – বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা – লর্ডস (বিকেল সাড়ে ৩টা)।

আরটিভি/এসকে