images

খেলা / ক্রিকেট

ব্রুকের সেঞ্চুরিতে সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৩০ এএম

হ্যারি ব্রুকের ঝলমলে সেঞ্চুরিতে টুর্নামেন্টের সেমিফাইনালে সবার আগে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে শেষ চারে ওঠা প্রায় নিশ্চিত করে ফেলেছে থ্রি লায়ন্সরা।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে শুরুটা ভালো করতে পারেনি তারা। দলীয় ১৪ রানে সাইম আইয়ুবকে ফিরিয়ে দেন জোফরা আর্চার। এরপর চতুর্থ ওভারে সালমান আলী আগাকেও আউট করেন লিয়াম ডসন। ২ উইকেটে ২৭ রানে চাপে পড়ে যায় পাকিস্তান।

তৃতীয় উইকেটে বাবর আজমের সঙ্গে জুটি গড়েন শাহিবজাদা ফারহান। তবে ধীরগতির ব্যাটিংয়ে বেশিদূর এগোতে পারেননি বাবর। ২৪ বলে ২৫ রান করে জেমি ওভারটনের বলে বোল্ড হন তিনি। একপ্রান্ত আগলে রেখে ফারহান খেলেন দায়িত্বশীল ইনিংস। ৪৫ বলে ৬৩ রান করার পর ওভারটনের বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন এই ওপেনার।

শেষদিকে ফখর জামান (১৬ বলে ২৫) ও শাদাব খানের (১১ বলে ২৩) ছোট ছোট ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে পাকিস্তান। ইংল্যান্ডের হয়ে লিয়াম ডসন নেন ৩ উইকেট, জোফরা আর্চার ও জেমি ওভারটন শিকার করেন ২টি করে উইকেট।

১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করতে পারেনি ইংল্যান্ডও। পাওয়ার প্লেতেই ফিল সল্ট (০), জস বাটলার (৩) ও জ্যাকব বেথেল (৮) ফিরে যান। এরপর টম ব্যান্টনও আউট হন মাত্র ২ রান করে।

আরও পড়ুন
T20

টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

তবে এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেন অধিনায়ক হ্যারি ব্রুক। স্যাম কারান ও উইল জ্যাকসকে সঙ্গে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন তিনি। মাত্র ৫০ বলে টুর্নামেন্টের অন্যতম সেরা একটি সেঞ্চুরি তুলে নেন ব্রুক। শেষ পর্যন্ত ৫ বল হাতে রেখেই ২ উইকেটের জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

এই জয়ে দুই ম্যাচে ইংল্যান্ডের পয়েন্ট দাঁড়াল ৪। ফলে পাকিস্তান, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার কেউই আর ইংলিশদের টপকে যেতে পারবে না। অন্যদিকে, একপ্রকার সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল পাকিস্তান। শেষ ম্যাচ জিতলেও তাদের তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের দিকে।

আরটিভি/এসকে