images

খেলা / ফুটবল

প্রতিপক্ষকে উড়িয়ে শেষ ষোলোয় অ্যাতলেটিকো

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:১৩ এএম

বেলজিয়ামের ক্লাব ব্রুগের মাঠে প্লে-অফের প্রথম লেগে ৩-৩ গোলে ড্র করেও আত্মবিশ্বাসে ঘাটতি ছিল না অ্যাতলেটিকো মাদ্রিদের। নিজেদের মাঠে ফিরেই সেটার প্রমাণ দিল দিয়েগো সিমিওনের দল। পজেশনে পিছিয়ে থেকেও দাপুটে ফুটবলে ৪-১ গোলে হারাল ক্লাব ব্রুগকে। আলেকজান্ডার সোরলথের হ্যাটট্রিকে দুই লেগ মিলিয়ে ৭-৪ অ্যাগ্রিগেটে জিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা। 

ম্যাচের শুরুটা সহজ ছিল না অ্যাতলেটিকোর জন্য। ২৩ মিনিটে সোরলথ গোল করে দলকে এগিয়ে দিলেও ৩৬ মিনিটে সেট পিস থেকে হেডে সমতা ফেরান ব্রুগের হোয়েল ওরদোনিয়েস। প্রথমার্ধে দুই দলই সমানতালে লড়াই চালায়।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই দৃশ্যপট বদলে যায়। ৪৬ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে গোল করেন জনি কারদোসো। এরপর পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অ্যাতলেটিকো। ৭৬ ও ৮৭ মিনিটে আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সোরলথ। একটি গোল আসে কাছ থেকে নেওয়া শটে, আর শেষটি ছিল নিখুঁত ভলিতে।

ম্যাচে ৪৮ শতাংশ পজেশন নিয়ে অ্যাতলেটিকো ১২টি শট নেয়, যার পাঁচটি ছিল লক্ষ্যে। অন্যদিকে বল দখলে এগিয়ে থেকেও ক্লাব ব্রুগ ৭টি শটের মধ্যে মাত্র চারটি লক্ষ্যে রাখতে পারে।

আরও পড়ুন
HAKIMI

ধর্ষণের অভিযোগে আশরাফ হাকিমির বিরুদ্ধে বিচার শুরু

নরওয়েজিয়ান ফরোয়ার্ড সোরলথের এটি ছিল চলতি চ্যাম্পিয়ন্স লিগে পঞ্চম গোল। তার নৈপুণ্যে দ্বিতীয়ার্ধে আর দাঁড়াতেই পারেনি ক্লাব ব্রুগ। বড় জয় তুলে নিয়ে শেষ ষোলোয় জায়গা করে নেওয়ায় উচ্ছ্বসিত অ্যাতলেটিকো মাদ্রিদ। 

আরটিভি/এসকে