বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৩:৫১ পিএম
ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে আর চার মাসেরও কম সময় বাকি। কাতারে শিরোপা জেতা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও ট্রফি ধরে রাখার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে। তবে শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্যেই একটি সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে মেক্সিকোর মুখোমুখি হতে চান না তিনি।
জাতীয় দলের সাবেক সতীর্থ ও বর্তমানে মেক্সিকান ক্লাব টিগ্রেসের গোলরক্ষক নাহুয়েল গুজম্যানের সঙ্গে ‘মিরো দে আত্রাস’ পডকাস্টে আলাপচারিতায় খোলামেলা কথা বলেন ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা।
২০২২ কাতার ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয়ের স্মৃতি টেনে মেসি বলেন, ম্যাচটির গুরুত্ব ছিল অত্যন্ত বেশি। কারণ হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হতো আর্জেন্টিনাকে।
মেসির ভাষ্য, বিশ্বকাপ বা বড় টুর্নামেন্টে আমাদের প্রায়ই দেখা হয়, অনেক সময়ই ‘ডু অর ডাই’ ম্যাচে। তিনি স্বীকার করেন, সেই ম্যাচে আর্জেন্টিনা কিছুটা ভয় নিয়েই মাঠে নেমেছিল। আগেভাগে বিদায়ের শঙ্কা দলকে মানসিকভাবে চাপে রেখেছিল।
মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে থাকলেও মেক্সিকোকে সবসময়ই কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখেন মেসি। তার মতে, বল দখলে রাখা, ম্যাচের গতি নিয়ন্ত্রণ এবং শৃঙ্খল কৌশলের কারণে মেক্সিকো যেকোনো শক্তিশালী দলকেও চাপে ফেলতে পারে।
২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। স্বাগতিক হওয়ার সুবাদে মেক্সিকো পাবে বাড়তি সমর্থন ও পরিচিত ভেন্যুর সুবিধা যা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলতে পারে। মেসির মন্তব্য, নিজেদের মাঠে খেলার একটা প্রভাব থাকেই ভালো বা খারাপ। এ কারণেই টুর্নামেন্টের শুরুর দিকে মেক্সিকোর সঙ্গে দেখা না হওয়ার আশা প্রকাশ করেছেন তিনি।
প্রসঙ্গত, আসন্ন আসরে গ্রুপ পর্বে দুই দলের দেখা হচ্ছে না। গ্রুপ ‘এ’-তে রয়েছে মেক্সিকো। অন্যদিকে, ‘জে’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গী অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান।
আরটিভি/এসকে