বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৫৫ পিএম
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল নিউজিল্যান্ড। এই ম্যাচে লঙ্কানদের ৬১ রানে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে টিকে রইল কিউইরা। সেই সঙ্গে টানা দুই পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে লঙ্কানদের ১৬৮ রানের লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৭ রান তুলতে পারে লঙ্কানরা। এতে ৬১ রানে বড় জয় পায় নিউজিল্যান্ড।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন দুর্দান্ত ছন্দে থাকা পাথুম নিশাঙ্কা। তিনে ব্যাট করতে নেমে ৯ বলে ৫ রান করে ফেরেন চারিথ আসালাঙ্কা। ২২ বলে ১১ রান করে তাকে সঙ্গ দেন আরেক ওপেনার কুশল মেন্ডিস।
এরপর পাভান রাথনায়াকে ১০ রান এবং দাসুন শানাকা ৫ বলে ৩ রান করে আউট হলে দলীয় ৪৬ রানে ৫ উইকেট হারায় লঙ্কানরা। এদিন দলের হাল ধরার চেষ্টা করেন কামিন্দু মেন্ডিস। কিন্তু দাশন হেমান্থা ৩ রান করে আউট হলে নিজেকে ধরে রাখতে পারেননি মেন্ডিস।
২৩ বলে ৩১ রান করে ক্যাচ আউট হন তিনি। এতে ৭৭ রানে ৭ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে লঙ্কানরা। এরপর ব্যাট চালাতে থাকেন ভেলাল্লাগে। ২৩ বলে ২৯ রান করে এই অলরাউন্ডার আউট হলে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৭ রান তুলতে পারে লঙ্কানরা। এতে ৬১ রানে বড় জয় পায় নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন রাচিন রবিন্দ্রা। এ ছাড়াও ম্যাট হেনরি দুটি, গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্যান্টনার নেন একটি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর চেষ্টা করেন ফিন অ্যালেন ও টিম সেইফার্ট। তবে তাদের দুজনের জুটি বড় হতে দেননি থিকশানা। ডানহাতি স্পিনারের বলে তারই হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৩ বলে ২৩ রান করা অ্যালেন। পরের ওভারে আউট হয়েছেন সেইফার্টও।
দ্রুতই দুই উইকেট হারানোর পর জুটি গড়েন ফিলিপস ও রাচিন রবীন্দ্র। তারা দুজনে মিলে নিউজিল্যান্ডকে টেনে নিয়ে গেছেন। ১৮ বলে ১৮ রান করা ফিলিপসকে ফিরিয়ে জুটি ভাঙেন চামিরা। স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে থাকা রাচিনকে ফেরান থিকশানা। ২২ বলে ৩২ রান করে হেমন্থর হাতে ক্যাচ দেন বাঁহাতি এই ব্যাটার। একই ওভারে মার্ক চ্যাপম্যানকে আউট করেন ডানহাতি এই স্পিনার।
৮৪ রানে ৬ উইকেট হারানোর পর নিউজিল্যান্ডের হাল ধরেন স্যান্টনার ও ম্যাকোনি। দুজনে মিলে ৮৪ রান যোগ করেন। ২৬ বলে ৪৭ রানের ইনিংস খেলেন স্যান্টনার। তাকে সঙ্গ দেওয়া ম্যাকোনি ২৩ বলে ৩১ রান করেন। দুজনের ব্যাটে ভর করে ১৬৮ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড।
আরটিভি/এসআর