images

খেলা / ফুটবল

আবারও ভিনিসিয়ুসের চমক, বেনফিকাকে হারিয়ে শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:১৯ এএম

চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমেছিল বেনফিকা। প্রথম লেগে হারলেও সান্তিয়াগো বার্নাব্যুতে শুরুতেই সেই ব্যবধান মুছে দেয় সফরকারীরা। তবে রোমাঞ্চকর লড়াইয়ের শেষ দিকে গোল করে আবারও রিয়ালকে জয় এনে দেন ভিনিসিয়ুস জুনিয়র।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্লে-অফের ফিরতি লেগে ২-১ গোলে জিতে, দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে পরের ধাপে উঠল আলভারো আরবেলোয়ার দল।

এদিনে আক্রমণাত্মক শুরু করে চতুর্দশ মিনিটেই দুই লেগ মিলিয়ে স্কোরলাইনে সমতা টানে বেনফিকা। ডান দিক থেকে পাভলিদিসের পাস তার সতীর্থদের কাছে যাওয়া আটকাতে স্লাইড করেন রাউল আসেন্সিও, কিন্তু বল তার পায়ে লেগে চলে যাচ্ছিল জালে, ক্ষিপ্রতায় পা বাড়িয়ে কোনোমতে সেটা আটকান থিবো কোর্তোয়া।

আরও পড়ুন
ON_co_py_20251111_224343482

মেক্সিকোতে ছড়িয়ে পড়ছে সহিংসতা, বিশ্বকাপ নিয়ে যা বলছে ফিফা

কিন্তু ফিরতি বল গোলমুখে পেয়ে টোকায় জালে পাঠিয়ে দেন পর্তুগিজ ফরোয়ার্ড রাফা সিলভা। পুনরায় খেলা শুরু হতেই পাল্টা আক্রমণে দারুণ নৈপুণ্যে সমতা টানেন চুয়ামেনি। ফেদে ভালভের্দের পাস ডি-বক্সের মুখে পেয়ে, একটু বাঁকানো শটে ঠিকানা খুঁজে নেন ফরাসি মিডফিল্ডার।

গোল পেয়ে আক্রমণে জোর দেয় রিয়াল। ৩২তম মিনিটে হেডে বল জালেও পাঠান আর্দা গিলের; কিন্তু ব্যবধান বাড়েনি তাদের। অফসাইডে ছিলেন গন্সালো গার্সিয়া।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ভালভের্দে। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের পাস ছয় গজ বক্সের বাইরে ফাঁকায় পেলেও, ঠিকমতো শটই নিতে পারেননি উরুগুয়ের মিডফিল্ডার।

ছয় মিনিট পর আবার দারুণ সুযোগ পায় রিয়াল। তবে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের কোনাকুনি শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৬০তম মিনিটে উল্টো বেঁচে যায় তারা; রাফা সিলভার শটে বল আসেন্সিওর পায়ে লেগে আরেকটু ওপরে উঠে ক্রসবারে বাধা পায়।

পুনরায় ম্যাচ শুরুর একটু পরেই দলকে জয়ের পথে এগিয়ে নেন দারুণ ছন্দে থাকা ভিনিসিয়ুস। মাঝমাঠ থেকে ভালভের্দের থ্রু পাস ধরে, ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জালের দেখা পেলেন ভিনিসিয়ুস, সবশেষ ১১ ম্যাচে করলেন আট গোল।  ইনজুরি টাইম যোগ হয় ৯ মিনিট; কিন্তু বেনফিকা আর কোনো নাটকীয়তার জন্ম দিতে পারেনি।

আরটিভি/এসআর