বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:২৭ পিএম
চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের দ্বিতীয় লেগে বেনফিকাকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে রিয়াল মাদ্রিদ। যেখানে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বিশেষ ভূমিকা রেখেছেন অরেলিয়া চুয়ামেনি। আর এই জয়টি উৎসর্গ করেছেন তাদের, যারা বর্ণবৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে।
মূলত, লিসবনে প্রথম লেগের ম্যাচ শেষে ভিনিসিয়ুস জুনিয়র অভিযোগ করেন বেনফিকার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি তাঁকে ‘পাঁচবার বানর’ বলেছেন। ওই ম্যাচে ব্রাজিলিয়ান তারকার গোলেই ম্যাচ জেতে রিয়াল। পরে বর্ণবৈষম্যের ওই অভিযোগের ভিত্তিতে এক ম্যাচের নিষেধাজ্ঞা পান প্রেস্তিয়ান্নি। যে কারণে বুধবার রাতের ফিরতি লেগ মিস করেছেন বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার।
তবে বুধবার রাতে ঘরের মাঠের দর্শকদের পাশে পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাকে সমর্থন জানিয়ে কিক অফের আগে স্টান্ডে স্প্যানিশ ভাষায় ‘নো টু রেসিজম’ লেখা ব্যানার প্রদর্শন করা হয়।
উজ্জীবিত ভিনিসিয়ুস আবারও রিয়ালের নায়ক বনে যান। ১৪ মিনিটে রাফা সিলভার গোলে লিড নেয় অতিথিরা। দুই মিনিটের মধ্যে দলকে সমতায় ফেরান চুয়ামেনি। আর ৮০ মিনিটে দারুণ এক গোলে দলের জয় নিশ্চিত করেন ভিনি। সামগ্রিকভাবে ৩-১ গোলে এগিয়ে থেকে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে প্রতিযোগিতার ১৫ বারের চ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে চুয়ামেনি বলেন, আমার মতে ম্যাচের চাইতে, ফুটবলের চাইতেও আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে। ভিনিসিয়ুস তাঁর আত্মবিশ্বাস ধরে রেখেছে এবং যা করতে হবে তাতেই মনোনিবেশ করছে। তারা (ইউয়েফা) ঠিক সিদ্ধান্ত নিয়েছে যে ওই ছেলেটিকে (প্রেস্তিয়ান্নি) এই ম্যাচ খেলতে দেয়নি। আমি বলেছি, এখানে ফুটবল থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আছে এবং এটি আমাদের সকলের জন্য একটি বিজয়।
ভিনিসিয়ুস প্রথম লেগে কর্নার ফ্ল্যাগ ধরে নেচে গোল উদযাপন করেছিলেন। বুধবার রাতেও ৮০ মিনিটে গোল করে সেই একই রকম উদযাপনে মেতেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে পোস্ট করেন, নাচ চলছেই।
খেলা শেষে ভিনিসিয়ুসের প্রশংসা করেছেন সাবেক চেলসি ফরোয়ার্ড জো কোল, ‘সে দুই লেগেই অসাধারণ ছিল। তার ফিনিশিং চমৎকার।’ রিয়াল মাদ্রিদের কোচ আলভারো আরবেলোয়া বলেছেন, ‘(আমার প্রতিক্রিয়া) অবশ্যই আনন্দের; তার (ভিনিসিয়ুস) দারুণ গোলের জন্য। সে এমনই, সে এটার যোগ্য।
আরটিভি/এসআর