বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:২৮ পিএম
পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক ক্রিকেট মাঠে সেঞ্চুরির চেয়ে ব্যক্তিগত জীবনের নানা অধ্যায়ের জন্যই বেশি আলোচনায় ছিলেন। ইতোমধ্যে তিনবার বিয়ে করা এই তারকা এবার চতুর্থ বিয়ের গুঞ্জনে শিরোনামে।
সবচেয়ে বেশি আলোচনায় আসে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পর পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করার ঘটনায়। ২০২৪ সালে সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব মালিক। তবে সেই সম্পর্কও ভাঙনের পথে এমন খবরই এখন গণমাধ্যমে।
সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, আগামীকাল ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের অভিনেত্রী ভানিজা সাত্তারের সঙ্গে চুপিসারে বিয়ে করতে যাচ্ছেন শোয়েব মালিক। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
শোয়েব মালিকের বৈবাহিক জীবনের শুরু ২০০২ সালে। সে বছর তিনি আয়েশা সিদ্দিকিকে বিয়ে করেন। ২০১০ সালে তাদের বিচ্ছেদ হয়। একই বছর কয়েক মাসের ব্যবধানে হায়দরাবাদে সানিয়া মির্জার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০১৮ সালে তাদের ঘরে জন্ম নেয় পুত্র ইজহান। তবে আয়েশা সিদ্দিকির সঙ্গে তার কোনো সন্তান ছিল না।
পরবর্তীতে সানা জাভেদের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে শোয়েবের সম্পর্ক গড়ে ওঠে যখন তিনি তখনও সানিয়ার সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন। বিষয়টি জানার পর সানিয়া দূরত্ব বাড়ান এবং শেষ পর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
এদিকে, সানা জাভেদের সঙ্গেও শোয়েব মালিকের সম্পর্কের ‘ইনিংস’ শেষের পথে এমনই ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক খবর। এখন দেখার বিষয়, চতুর্থ বিয়ের গুঞ্জন কতটা সত্যি হয়।
আরটিভি/এসকে