শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:২৯ পিএম
কনকাকাফ চ্যাম্পিয়নশিপে ডিফেন্স ফোর্সকে বড় ব্যবধানের হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। এই ম্যাচে জোড়া গোল ও অ্যাসিস্ট পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার কাভান সুলিভান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ডিফেন্স ফোর্সকে ৭-০ ব্যবধানে হারিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। এদিন শুরু থেকেই অতিথিদের কোনঠাসা করে রাখে ফিলাডেলফিয়া। গোলমুখে শট, বিগ চাঞ্চ—কোনো কিছুই নিজেদের পক্ষে নিতে পারেনি ত্রিনিদাদ টোবাগোর ক্লাব ডিফেন্স ফোর্স।
সুযোগ কাজে লাগিয়ে একের পর এক আক্রমণ শানায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত তারা পায় ৭-০ গোলের বড় জয়। সুলিভান ছাড়াও জোড়া গোল পান করজেনিওস্কি। মার্তিনেজ, বেন্ডার ও লুকিক একটি করে গোল আদায় করেন।
১৬ বর্ষী সুলিভান টুর্নামেন্টে শেষ দুই ম্যাচের মধ্যে দুইটিতে অ্যাসিস্ট করেছেন এবং ইউনিয়নের মোট পাঁচটি গোলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। ফিলাডেলফিয়া ম্যাচের ১২ মিনিটেই ২-০ এগিয়ে যায়। বাকি পাঁচটি গোল আসে দ্বিতীয়ার্ধে। সুলিভান ৭৬ ও ৮৮ মিনিটে দুটি গোল করেন।
সুলিভান ১৪ বছর বয়সে ক্লাবের হয়ে চুক্তি করার পর থেকেই রেকর্ড ভাঙার অভ্যাস তৈরি করেছেন। গত ১৭ জুলাই ফিলাডেলফিয়ার হয়ে প্রথম ম্যাচ খেলার সময় তিনি আমেরিকান ফুটবলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হন।
এই ম্যাচে আরও একটি ইতিহাস গড়লেন সুলিভান। কনকাকাফে গোল করা সবচেয়ে কম বয়সী আমেরিকান খেলোয়াড় হিসেবে নিজের নাম লেখালেন তিনি। তার বর্তমান বয়স ১৬ বছর, চার মাস ও ২৯ দিন।
আরটিভি/এসআর