শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৫৫ পিএম
কোপা দেল রের সেমিফাইনালে ফাইনালে প্রথম লেগে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলের ব্যবধানে হেরেছিল বার্সেলোনা। ফাইনালে উঠতে হলে ক্যাম্প ন্যুতে দ্বিতীয় লেগে ৫ গোলের ব্যবধানে জিততে হবে কাতালানদের। সমীকরণটা কঠিন হলেও আশা হারাচ্ছেন না কোচ হান্সি ফ্লিক।
বার্সা কোচের মতে, কাজটা কঠিন হলেও, দলের পক্ষে এই সমীকরণ মেলানোর সামর্থ্য রয়েছে। ৯ বছর আগের স্মৃতি ফিরে ফাইনালে ওঠার কথা জানিয়েছেন তিনি।
হান্সি ফ্লিক বলেন, কাজটা কঠিন, তবে অসম্ভব নয়। আমার মনে হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের বিশ্বাস করতে যে, আমরা ঘুরে দাঁড়াতে পারি।
‘৯০ মিনিট কিংবা তার বেশি সময়ের জন্য আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে; দলের জন্য, ক্লাবের জন্য এবং সমর্থকদের জন্য আমাদের লড়তে হবে। এজন্য সমর্থকদের আমাদের পাশে চাই এবং ঐক্যবদ্ধ হয়ে অ্যাথলেটিকোর বিপক্ষে লড়াই করতে হবে।’
কাম্প নউয়ের সংস্কার কাজ চলায় প্রায় আড়াই বছর অন্য মাঠে খেলে বার্সেলোনা। ৯০৯ দিন পর অবশেষে গত ২২ নভেম্বর প্রিয় আঙিনায় ফেরে দলটি। সেই থেকে এখন পর্যন্ত এই মাঠে হারেনি তারা। এই পরিসংখ্যানেও বাড়তি প্রেরণা পাচ্ছেন ফ্লিক।

তিনি বলেন, স্পটিফাই কাম্প ন্যুতে ফেরার পর থেকে (এখানে) আমরা কোনো ম্যাচ হারিনি। এই ইতিবাচক মানসিকতা নিয়েই আমাদের লড়াইয়ে নামতে হবে এবং প্রত্যাবর্তনের চেষ্টা করতে হবে। সমর্থকদের পাশে নিয়ে এবং এই স্টেডিয়ামে সবকিছু সম্ভব।
ঠিক এমনই এক পরাজয়ের পর অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লেখার ইতিহাস আছে বার্সেলোনার। ২০১৬-১৭ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় প্রথম লেগে পিএসজির মাঠে ৪-০ গোলে হেরেছিল কাতালান ক্লাবটি। পরে ঘরের মাঠে ৬-১ ব্যবধানে জিতে কোয়ার্টার-ফাইনালে উঠেছিল তারা।
৯ বছর আগের সেই লড়াইয়ের কথা বার্সেলোনা ভক্তদের মাঝে বারবার ঘুরেফিরে আসছে। স্বপ্ন দেখছে একইরকম অবিশ্বাস্য গল্প লেখার।
আরটিভি/এসআর