images

খেলা / ক্রিকেট

আইসিসির মাসসেরা হলেন বাংলাদেশের সোবহানা মোস্তারি

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:৪৫ পিএম

সদ্য শেষ হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন সোবহানা মোস্তারি। যার স্বীকৃতি স্বরূপ জানুয়ারি মাসের জন্য আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন এই টাইগ্রেস ক্রিকেটার।

এই সাফল্যের জন্য সোবহানাকে পেছনে ফেলতে হয়েছে আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস এবং যুক্তরাষ্ট্রের বাঁহাতি পেসার টারা নরিসকে। প্রথম ৬ ম্যাচে ৪৫ দশমিক ৮০ গড়ে এবং ১৪৫ দশমিক ৮৪ স্ট্রাইকরেটে ২২৯ রান করেন সোবহানা।

এদিকে বিশ্বকাপ নিশ্চিত করার ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পায় বাংলাদেশ। 

ওই ম্যাচে ৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন সোবহানা। এ ছাড়া  স্কটল্যান্ডের বিপক্ষেও ৪৭ রানের কার্যকর ইনিংস খেলেন।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন নাহিদা আক্তার। এবার সেই তালিকায় যুক্ত হলেন মোস্তারি।

অন্যদিকে পুরুষ বিভাগে জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। দুর্দান্ত এই পারফরম্যান্সে ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করেন মিচেল। এই পুরস্কারের জন্য ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব এবং ইংল্যান্ডের ব্যাটার জো রুটকে পেছনে ফেলেছেন মিচেল। 

আরটিভি/এসআর