images

খেলা / ফুটবল

নিরাপত্তা যাচাইয়ে মেক্সিকো যাচ্ছে ফিফা প্রতিনিধি

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:৪৯ পিএম

২০২৬ ফুটবল বিশ্বকাপের আর মাত্র কয়েক মাস বাকি। এর আগে মেক্সিকোতে বিশ্বকাপে আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তাই নিরাপত্তা ও যাতায়াত সংক্রান্ত বিষয়গুলো যাচাই করতে দেশটিতে শিগগিরই সফরে করবেন ফিফার প্রতিনিধি দল।

সম্প্রতি এই তথ্য জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিও শেইনবাউম। এ ছাড়াও মেক্সিকোতে বিশ্বকাপ আয়োজন নিয়ে আশাবাদী ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও।

শেইনবাউম বলেন, তিনি (ফিফা সভাপতি) আমাকে আশ্বস্ত করেছেন যে, বিশ্বকাপ আমাদের দেশেই হবে। কিছু বিষয় পর্যালোচনা করার জন্য ফিফার একটি দল অবশ্যই এখানে আসার ব্যাপারে আমরা একমত হয়েছি। দীর্ঘদিন ধরে আমরা এনিয়ে (বিশ্বকাপ) কাজ করছি, তবে নিরাপত্তার বিষয়টিও অবশ্যই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ফিফা সভাপতিকে বলেছি, রোববারের ঘটনাটি বিশেষ পরিস্থিতি ছিল এবং আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছি। দীর্ঘদিন ধরে বজায় থাকা নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রয়েছে, তাই তারা নিশ্চিত থাকতে পারেন।

প্রসঙ্গত, গত রোববার সেনাবাহিনীর অভিযানে নিহত হন মেক্সিকোর প্রভাবশালী ড্রাগ লর্ড নেমেসিও ওসেগেরা। এরপর দেশটিতে ছড়িয়ে পড়ে সহিংসতা। আর তাতে সেখানে বিশ্বকাপ আয়োজনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে শুরু হয় আলোচনা।

ওই অভিযান ও পরবর্তীতে তৈরি হওয়া অরাজকতায় ৭০ জন প্রাণ হারিয়েছে বলে খবর। বিভিন্ন রাজ্যে কার্টেল সদস্যদের রাস্তা অবরোধ করে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বিশেষ করে, হালিস্কো রাজ্যে, যে অঞ্চলের গুয়াদালাহারায় বিশ্বকাপের চারটি ম্যাচ হওয়ার কথা রয়েছে।

শেইনবাউম পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা বললেও, বাস্তবে গুয়াদালাহারায় নিরাপত্তা ঝুঁকি এখনও রয়েছে। ওই জায়গার কাছাকাছি আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ডাইভিং বিশ্বকাপ বাতিল করেছে ওয়ার্ল্ড অ্যাকোয়াটিকস।

আগামী ১১ জুন শুরু হবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। মেক্সিকোর পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কানাডায় হবে টুর্নামেন্টটি।

আরটিভি/এসআর