images

খেলা / ক্রিকেট

হৃদয়ের সেঞ্চুরি ম্লান করে জিশানের শতকে জিতল সেন্ট্রাল জোন

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:৪৩ পিএম

নর্থ জোনের মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ম্লান করে ওপেনার জিশান আলমের শতকে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) টানা দ্বিতীয় জয় পেল সেন্ট্রাল জোন। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে সেন্ট্রাল জোন ২ উইকেটে হারিয়েছে নর্থ জোনকে। সেন্ট্রাল জোনের জিশান ১২৭ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন। নর্থ জোনের হয়ে হৃদয় করেন ১০২ রান। 

রাজশাহীর শহীদ কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৯ রানে ২ উইকেট হারায় নর্থ জোন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪ ও লিটন দাস শূন্য হাতে ফিরেন। 

তৃতীয় উইকেটে ১৩৫ রানের জুটিতে নর্থ জোনকে চাপমুক্ত করেন ওপেনার তানজিদ ও হৃদয়। ৯টি চার ও ৪টি ছক্কায় ৯২ বল খেলে ৯২ রানে থামেন তানজিদ। অন্যপ্রান্তে সেঞ্চুরির দেখা পান হৃদয়। ৮ বাউন্ডারিতে ১১৩ বলে ১০২ রান করেন হৃদয়। পঞ্চম উইকেটে সাব্বির রহমানের সাথে ১০২ রানের জুটি গড়েন তিনি। 

মারুমুখী মেজাজে ৫১ বলে ৭৩ রান করেন সাব্বির। তার ইনিংসে ৩টি চার ও ৫টি ছক্কা ছিল। এতে ৫০ ওভারে ৭ উইকেটে ৩২২ রানের বড় সংগ্রহ পায় নর্থ জোন। সেন্ট্রাল জোনের পেসার আবু হায়দার ৪ উইকেট নেন।

জবাবে টপ অর্ডারে মোহাম্মদ নাইম ১০ ও সাইফ হাসান ১৪ রানে ফিরলেও তৃতীয় উইকেটে ৯৪ রানের জুটি গড়েন জিশান ও মাহফিজুল ইসলাম। এই জুটিতে সেঞ্চুরি তুলে থামেন জিশান। ৯৩ বল খেলে ১৬টি চার ও ৫টি ছক্কায় নিজের ১২৭ রানের ইনিংসটি সাজান জিশান।

এরপর মাহফিজুল ৫৪ ও অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন ৩৯ রানে আউট হলে ম্যাচ নিয়ে শঙ্কায় পড়ে সেন্ট্রাল জোন। তবে সাত নম্বরে নামা মোসাদ্দেকে হোসেনের ২৬ বলে ৫৪ রানের ক্যামিও ইনিংসে ৪ বল বাকী থাকতে দারুণ জয় পায় সেন্ট্রাল জোন। মোসাদ্দেকের অনবদ্য ইনিংসে ৪টি করে চার-ছক্কা ছিল। নর্থ জোনের স্পিনার রিশাদ হোসেন ৩ উইকেট নেন। 

৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে সেন্ট্রাল জোন। তৃতীয় ম্যাচে প্রথম হারের দেখা পেল নর্থ জোন। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা।

আরটিভি/এসআর