images

খেলা / ক্রিকেট

সাঞ্জু স্যামসনের লড়াকু ব্যাটিংয়ে উইন্ডিজকে বিদায় করে সেমিতে ভারত

সোমবার, ০২ মার্চ ২০২৬ , ১০:০৪ এএম

সাঞ্জু স্যামসনের অনবদ্য ও দায়িত্বশীল ব্যাটিংয়ে সুপার এইটের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। এই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ক্যারিবীয়রা। গ্রুপ ওয়ান থেকে আগেই অপরাজিত থেকে শেষ চার নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা, ফলে দ্বিতীয় সেমিফাইনালিস্ট নির্ধারণের লড়াইটি পরিণত হয়েছিল অলিখিত নকআউট ম্যাচে।

ম্যাচের আগে সমীকরণ ছিল স্পষ্ট জয়ী দলই পাবে সেমিফাইনালের টিকিট। টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ওভারে ১৯৫ রান তোলে। জবাবে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯৬ রান।

রান তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দলীয় ২৯ রানের মাথায় ওপেনার অভিষেক শর্মা (১০) আউট হন। এরপর একই রানে বিদায় নেন ইশান কিশান (১০)। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় ভারত।

এই সংকটে হাল ধরেন সাঞ্জু স্যামসন ও সূর্যকুমার যাদব। তৃতীয় উইকেটে তাদের ৫৮ রানের জুটি ইনিংসে স্থিতি ফেরায়। সূর্যকুমার ১৬ বলে ১৬ রান করে আউট হলেও ততক্ষণে ম্যাচে ফেরার ভিত গড়ে ফেলে ভারত।

এরপর তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে এগিয়ে যান স্যামসন। চতুর্থ উইকেটে আসে আরও ৪২ রান। তিলক ১৫ বলে ২৭ রান করে ফিরলেও রান রেট ছিল ভারতের নিয়ন্ত্রণে। পরে হার্দিক পান্ডিয়াকে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের দিকে টেনে নেন স্যামসন।

শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তিনি। মাত্র ২৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া স্যামসন শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫০ বলে ৯৭ রানে। তার এই ইনিংসই ভারতের জয়ের মূল ভিত্তি গড়ে দেয়। শেষ দিকে হার্দিক পান্ডিয়া আউট হলে সমীকরণ দাঁড়ায় ১০ বলে ১৭ রান। এমন মুহূর্তে শিভম দুবের টানা দুই চারে চাপ কাটিয়ে শেষ ওভারে দুই বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোস্টন চেইজ ও শাই হোপ সতর্ক শুরু করেন। পাওয়ার প্লেতে তারা বিনা উইকেটে ৪৫ রান তোলেন। তবে নবম ওভারে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হন হোপ। এরপর শিমরন হেটমায়ার কিছুটা ঝড় তুললেও জসপ্রিত বুমরাহর বলে ফিরতে হয় তাকে। একই ওভারে চেইজও বিদায় নেন। 

শেষদিকে জেসন হোল্ডার ও রোভম্যান পাওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। পাওয়েল ১৯ বলে ৩৪ ও হোল্ডার ২২ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন। ভারতের হয়ে বুমরাহ নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট।

আরও পড়ুন
iran-volleyball

রকেট হামলায় ইরানে ২০ ভলিবল খেলোয়াড় নিহত

গুরুত্বপূর্ণ ম্যাচে চাপ সামলে এই জয় ভারতের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়েছে। অন্যদিকে, টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হয়েও সুপার এইটেই থেমে গেল ওয়েস্ট ইন্ডিজের অভিযান। এখন সেমিফাইনালে ভারতের সামনে নতুন করে শুরু শিরোপা জয়ের স্বপ্ন।

আরটিভি/এসকে