সোমবার, ০২ মার্চ ২০২৬ , ০৪:৫৮ পিএম
তিনটি ওয়ানডে এবং একটি টেস্ট ম্যাচ খেলতে চলতি বছরের জুনে ভারত সফরে যাবে আফগানিস্তান ক্রিকেট দল। এটিই ভারত-আফগানিস্তানের প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। এর আগে দুই দল ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল শুধু এশিয়া কাপ ও বিশ্বকাপে।
এ ছাড়াও টেস্ট ম্যাচটি দুদলের মধ্যে মাত্র দ্বিতীয় ম্যাচ। প্রথম টেস্ট হয়েছিল ২০১৮ সালে। বেঙ্গালুরুতে সেই ম্যাচে ভারত ইনিংস ও ২৬২ রানে জিতেছিল। নতুন টেস্টটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অংশ নয়।
সূচি অনুযায়ী, চণ্ডগড়ে ৬ জুন শুরু হবে একমাত্র টেস্টটি। এরপর ১৪, ১৭ ও ২০ জুন হবে তিনটি ওয়ানডে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ধরমশালা, লখনৌ ও চেন্নাইয়ে।
এদিকে ভারত সফরের আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে আফগানরা। লঙ্কান বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে টেস্ট ও ওয়ানডে সিরিজে মাঠে নামবে নবী-রশিদরা।
এদিকে বিশ্বকাপের পর খানিকটা অলস সময় পার করবে ভারত ক্রিকেট দল। ঘরের মাঠে আফগানিস্তান সিরিজ খেলার আগ পর্যন্ত অবসর সময়ই কাটাবে ভারতীয় ক্রিকেটাররা।
তবে আফগান সিরিজটি ব্যস্ত সূচির শুরু মাত্র। রশিদ খানদের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলার পরের মাসে ইংল্যান্ড সফরে যাবে ভারত।
আরটিভি/এসআর