মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ০৯:৪৮ এএম
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা এবং তার পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের জবাব ঘিরে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে কাতারে সব ধরনের ফুটবল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। নিরাপত্তা শঙ্কাকে কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেয় কাতার ফুটবল অ্যাসোসিয়েশন (কিউএফএ)।
কিউএফএ গত ১ মার্চ এক বিবৃতিতে জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সকল প্রকার ফুটবল ম্যাচ ও টুর্নামেন্ট স্থগিত থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ঘোষণার সময় সরাসরি হামলার প্রসঙ্গ উল্লেখ না করলেও সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সূচি যথাসময়ে জানানো হবে।
এই সিদ্ধান্তের ফলে অনিশ্চয়তায় পড়েছে বহুল আলোচিত ‘ফিনালিসিমা’ ম্যাচ। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের লড়াইয়ে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার 'ফিনালিসিমা' মুখোমুখি হওয়ার কথা ছিল আগামী ২৭ মার্চ, দোহার বিখ্যাত লুসাইল স্টেডিয়ামে। তবে বর্তমান পরিস্থিতিতে ম্যাচটি কবে আয়োজন করা হবে, তা এখনো নিশ্চিত নয়।
এদিকে মহাদেশীয় পর্যায়েও প্রভাব পড়েছে। এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (এএফসি) চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে অনুষ্ঠেয় ক্লাব চ্যাম্পিয়নশিপের প্লে-অফ স্থগিত করেছে। সংস্থাটি জানিয়েছে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের শেষ ষোলোর ম্যাচগুলো নতুন সময়সূচি অনুযায়ী আয়োজন করা হবে।
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় আঞ্চলিক ক্রীড়াঙ্গন বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তার ওপরই নির্ভর করছে আন্তর্জাতিক ও মহাদেশীয় ফুটবল সূচির ভবিষ্যৎ।
আরটিভি/এসকে