মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ০৩:১০ পিএম
ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড এবার প্রথমবারের মতো খেলোয়াড় ড্রাফটের পরিবর্তে নিলামের মাধ্যমে দলে নিচ্ছে। এই নিলামে খেলতে আগ্রহী হয়ে বাংলাদেশ থেকে ২৩ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। তবে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন মাত্র দুই ক্রিকেটার।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান। রিশাদ হোসেন ‘টাইর-১ স্পিনার’ তালিকায় থাকলেও, মোস্তাফিজ ‘লং লিস্টে’ জায়গা পেয়েছেন।
নিলাম অনুষ্ঠিত হবে ১২ মার্চ, লন্ডন। এর আগে ৭১২ জন পুরুষ ক্রিকেটারের নাম নিবন্ধন করা হয়েছিল। চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে ২৪৭ জনকে। প্রথমে ডাকা হবে ১০ জন মার্কি খেলোয়াড়, যেখানে বাংলাদেশের কেউ নেই।
এর আগে, হান্ড্রেডের প্রাথমিক তালিকায় মোস্তাফিজ সর্বোচ্চ ১ লাখ পাউন্ড রিজার্ভ প্রাইসের ক্যাটাগরিতে নাম লিখিয়েছিলেন। রিশাদ হোসেনের রিজার্ভ প্রাইস ছিল ৭৫ হাজার পাউন্ড, বাকিরা ছিলেন ৩১ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে। তবে ফিজ-রিশাদ ছাড়া অন্য কোনো বাংলাদেশি চূড়ান্ত তালিকায় জায়গা পাননি।
আগামী হান্ড্রেডের আসর চলবে ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, খেলোয়াড় নির্বাচন হবে জাতীয়তার ভিত্তিতে নয়, বরং পারফরম্যান্স ও দলের প্রয়োজনের ভিত্তিতে।
আরটিভি/এসকে