images

খেলা / ফুটবল

ম্যাচ হারলেও মারিয়া-মনিকাদের পারফরম্যান্সে মুগ্ধ বাটলার

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ০৭:৩৩ পিএম

এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে চীনের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচ হারলেও শক্তিশালী চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা যে লড়াকু মানসিকতা দেখিয়েছেন, তাতে গর্বিত কোচ বাটলার। 

সেই সঙ্গে ম্যাচ শেষে প্রতিপক্ষকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

বাটলার বলেন, চীন এশিয়ার অন্যতম সেরা দল, সম্ভবত সেরাদের মধ্যে সেরা এবং বর্তমান চ্যাম্পিয়ন। তারা জিতেছে, আমি তাদের অভিনন্দন জানাই। ম্যাচের আগে আমি মেয়েদের বলেছিলাম তারা যেন তাদের সেরাটা দেয় এবং নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয়।

ম্যাচের ফল এবং পারফরম্যান্স নিয়ে বাটলারের মূল্যায়ন ইতিবাচক। প্রথম ৪০ মিনিট চীনকে আটকে রাখা এবং শেষ পর্যন্ত লড়াই করার জন্য মেয়েদের প্রশংসায় ভাসান তিনি।

আরও পড়ুন
Lpy

চীনের বিপক্ষে মুগ্ধতার লড়াইয়ে এশিয়ান কাপ শুরু বাংলাদেশের

তিনি বলেন, আমরা এখানে শুধু রক্ষণ সামলাতে আসিনি। আমি সেভাবে কোচিং করাই না এবং আমার দলও সেভাবে খেলুক, তা চাইনি। মেয়েরা দেশের নাম উজ্জ্বল করেছে, জার্সির মান রেখেছে। এর মাধ্যমেই বোঝা যায় আমরা কতটা এগিয়েছি।

গোলকিপার রূপনা চাকমার বদলে শেষ মুহূর্তে তিনি তরুণ মিলি আক্তারকে একাদশে নেন। মিলি বেশ কয়েকটি সাহসী সেভ করেছেন। 

মিলিকে নিয়ে এক প্রশ্নের জবাবে কোচ বলেন, মিলি আজ অসাধারণ ছিল। আমি পরিবর্তন আনতে চেয়েছিলাম এবং এ ধরনের সিদ্ধান্ত নিতে আমি ভয় পাই না। আমি খুশি যে আমরা অসম্মানিত হইনি।

বাংলাদেশের ফুটবলের সীমাবদ্ধতা নিয়ে বাটলার অকপট ছিলেন। তার ভাষ্য, ‘আমাদের অন্যান্য দলের মতো বিলাসিতা, অর্থ বা প্রস্তুতির সুযোগ নেই। আমাদের যা আছে, তা দিয়েই সেরাটা করতে হবে।

তিনি আরও বলেন, এই মেয়েদের কোচ হতে পেরে নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে করছি। এই টুর্নামেন্ট মেয়েদের জন্য নিজেদের মেলে ধরার সুযোগ হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে তাদের উন্নত জীবন দিতে সাহায্য করবে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে আমরা এখানে এসেছি। আমাদের আবার উঠে দাঁড়াতে হবে এবং এগিয়ে যেতে হবে।

আরটিভি/এসআর