images

খেলা / ক্রিকেট

দ্য হান্ড্রেডের নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়লেন ২১ বাংলাদেশি

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ০৮:২৯ পিএম

আগামী ১২ মার্চ লন্ডনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’ এর নিলাম। যেখানে দল পেতে নাম লিখিয়েছিলেন ২৩ বাংলাদেশি ক্রিকেটার। কিন্তু চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ২১ জনই।

বাদ পড়াদের তালিকায় রয়েছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয় ও শরিফুল ইসলামের মতো তারকা ক্রিকেটাররা। তাদের ছাড়াই চূড়ান্ত ড্রাফট সম্পন্ন করবে আয়োজক ইসিবি।

তবে তালিকায় রয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান এবং লেগস্পিনার রিশাদ হোসেন। সারা বিশ্বের শত শত ক্রিকেটারের মধ্য থেকে যে ২৪৩ জনকে চূড়ান্ত ড্রাফটের জন্য শর্টলিস্ট করা হয়েছে, সেখানে টিকে গেছেন এই দুজন।

আরও পড়ুন
LIT,N_c,opy

সম্মান ফেরত না পেলে আর ক্রিকেট খেলবেন না বিজয়

নিলামে মোস্তাফিজুর রহমানকে রাখা হয়েছে ১ লাখ পাউন্ড (প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা) ক্যাটাগরিতে। অন্যদিকে, তরুণ তুর্কি রিশাদ হোসেন জায়গা পেয়েছেন ৭৫ হাজার পাউন্ডের (প্রায় ১ কোটি ১২ লাখ টাকা) ক্যাটাগরিতে। 

ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দলের প্রয়োজনে এই দুই টাইগারকে দলে ভেড়াতে বিড করতে পারবে। এ ছাড়াও পাকিস্তানি ক্রিকেটারদের ওপর আইপিএল মালিকানাধীন দলগুলোর অঘোষিত নিষেধাজ্ঞার গুঞ্জন থাকলেও ইসিবি তা উড়িয়ে দিয়েছে। 

বোর্ড জানিয়েছে, রাজনৈতিক কোনো বিবেচনায় নয়, বরং পারফরম্যান্স ও দলের চাহিদাকেই গুরুত্ব দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের শাহিন আফ্রিদি ও হারিস রউফদের মতো ১৪ জন ক্রিকেটার চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন।

আরটিভি/এসআর