images

খেলা / ক্রিকেট

বাবা হারালেন কুমার সাঙ্গাকারা

বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ০১:০৬ পিএম

না ফেরার দেশে চলে গেলেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারার বাবা ক্ষেমা সাঙ্গাকারা। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে সাঙ্গাকারার পরিবার। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় ক্যান্ডির মহাইয়াওয়া সিমেট্রিতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

পরিবারের দেওয়া বিবৃতিতে জানানো হয়, আইনজীবী এস. কে. সাঙ্গাকারা (ক্ষেমা সাঙ্গাকারা) ক্যান্ডিতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে বাসভবন থেকে শবযাত্রা রওনা হবে এবং সন্ধ্যা ৬টায় মহাইয়াওয়া সিমেট্রিতে দাফন/শেষকৃত্য সম্পন্ন হবে। মরদেহ ক্যান্ডির বাসভবনে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। একই সঙ্গে পরিবারের পক্ষ থেকে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে।

পেশায় আইনজীবী হলেও ছেলের ক্রিকেট ক্যারিয়ারে ক্ষেমা সাঙ্গাকারার অবদান ছিল অনন্য। তিনিই ছিলেন সাঙ্গাকারার জীবনের প্রথম কোচ। ক্যান্ডিতে প্রতিদিন কয়েক ঘণ্টা করে অনুশীলন করাতেন সন্তানদের। ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং কারিগরি দক্ষতার ওপর জোর দিতেন তিনি। এমনকি এক পর্যায়ে টেনিস ছেড়ে পুরোপুরি ক্রিকেটে মনোযোগ দেওয়ার সিদ্ধান্তও নেন তারই পরামর্শে।

আরও পড়ুন
IRAN

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যা বললেন ট্রাম্প

পেশাদার ক্রিকেটার না হয়েও ছেলের বিশ্বমানের ক্রিকেটার হয়ে ওঠার পেছনে ক্ষেমা সাঙ্গাকারার প্রভাব ছিল গভীর। সাঙ্গাকারা আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পাওয়ার পরও তিনি প্রকাশ্যে বলেছিলেন, তার ছেলে এখনও নিজের পূর্ণ সামর্থ্যে পৌঁছাতে পারেনি যা তার উচ্চ প্রত্যাশা ও কঠোর মানসিকতারই প্রতিফলন।

বিদায়ী ভাষণেও সাঙ্গাকারা বাবার অনুপ্রেরণা ও দিকনির্দেশনার কথা বিশেষভাবে উল্লেখ করেছিলেন। ক্ষেমা সাঙ্গাকারার মৃত্যুতে পরিবার, বন্ধু ও ক্রিকেট মহলে নেমে এসেছে শোকের ছায়া।

আরটিভি/এসকে