বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ০১:৩৬ পিএম
শক্তিশালী উত্তর কোরিয়ার মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী কণ্ঠে কৌশলের বার্তা দিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের ইংলিশ কোচ পিটার বাটলার। তিনবারের এশিয়া কাপ জয়ী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন শুধু ভাগ্যের ওপর নয়, দল ভরসা করছে নিজেদের দক্ষতা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের ওপর।
সিডনি ওয়েস্টার্ন স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বাটলার বলেন, উত্তর কোরিয়া টেকনিক্যালি অত্যন্ত সমৃদ্ধ ও প্রতিভাবান দল। ফিফা র্যাঙ্কিংয়ে বিশ্বে নবম স্থানে থাকা এই দল এশিয়ায় জাপানের পরেই অবস্থান করছে এবং টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। তবে শক্ত প্রতিপক্ষ মানেই রক্ষণাত্মক মানসিকতা নয় এ কথা স্পষ্ট করেছেন তিনি।
বাটলারের ভাষায়, গোল হজমের আশঙ্কা থাকলেও শুরু থেকেই চাপে পড়ে বসে থাকার পরিকল্পনা নেই। বরং সক্রিয় ও আক্রমণাত্মক ফুটবল খেলতে চান তিনি। মূল একাদশে কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বলেন, “আই হ্যাভ আ প্ল্যান” প্রতিপক্ষের শক্তি বিবেচনায় রেখেই সাজানো হয়েছে কৌশল।
এর আগে চীনের বিপক্ষে ২-০ গোলে হারলেও বাংলাদেশের লড়াকু পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে। সেই ম্যাচের ভুলগুলো শুধরে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন অধিনায়ক আফিদা খন্দকার। কোচের গেম প্ল্যান মেনে মাঠে নিজেদের সেরাটা দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। ফলাফল যাই হোক, লড়াইয়ে কোনো ছাড় দেবে না দল।
এদিকে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইং প্রধান মাহফুজা আক্তারের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য নিয়েও প্রশ্ন ওঠে। চীনের ফুটবলারদের নিয়ে করা সেই মন্তব্যকে ‘ভুল ও অসম্মানজনক’ আখ্যা দিয়ে বাটলার বলেন, পেশাদার ফুটবলে এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়। তার পুরো মনোযোগ এখন দলের পারফরম্যান্স ও খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত রাখায়।
সব মিলিয়ে শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে আত্মবিশ্বাসী কিন্তু বাস্তববাদী বাংলাদেশ। কৌশল, শৃঙ্খলা ও লড়াকু মানসিকতা নিয়েই মাঠে নামতে প্রস্তুত লাল-সবুজ প্রতিনিধিরা।
আরটিভি/এসকে