মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ১০:০৩ এএম
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঈদের আনন্দ ভাগাভাগি করতে ক্রিকেটারদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের উদ্যোগে এবার জাতীয় দলের ক্রিকেটারদের পরিবার, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের জন্য ঈদ উপহার পাঠানো হবে। জানা গেছে, গত এক বছরে জাতীয় দলের হয়ে অন্তত একটি ম্যাচ খেলেছেন এমন প্রায় ৩০ জন ক্রিকেটার এবং তাদের স্ত্রীদের জন্য উপহার পাঠানো হবে। এছাড়া জাতীয় দলের সঙ্গে কাজ করা কোচ, টিম ম্যানেজমেন্ট সদস্য ও টিম বয় অর্থাৎ সাপোর্ট স্টাফরাও এই উপহারের আওতায় থাকবেন। সব মিলিয়ে প্রায় ৫০ জনের কাছে পৌঁছাবে এই উপহার, যার সঙ্গে থাকবে তাদের পরিবারের সদস্যদের জন্যও আয়োজন।
ক্রিকেটারদের জন্য ঈদ উপহার হিসেবে রাখা হয়েছে পাকিস্তানের জনপ্রিয় পোশাক ব্র্যান্ড জে ডট ব্র্যান্ডের পাজামা-পাঞ্জাবি । একই ব্র্যান্ডের সালোয়ার-কামিজ থাকবে ক্রিকেটারদের স্ত্রীদের জন্য। জাতীয় দলের দুই ক্রিকেটার তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম এই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবেও যুক্ত আছেন।
এবার ক্রিকেটারদের সন্তানদের কথাও ভাবা হয়েছে। তাদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় চকলেট বক্স। পুরো উদ্যোগের জন্য প্রায় ৪ লাখ টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার ও সাবেক জাতীয় দলের অধিনায়ক শাহরিয়ার নাফীস বলেন, জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বিসিবির সম্পর্ক সব সময়ই ভালো। সৌজন্য হিসেবে এই ধরনের উদ্যোগ সেই সম্পর্ককে আরও উষ্ণ ও ঘনিষ্ঠ করে।
এদিকে বর্তমানে বাংলাদেশ দলের ক্রিকেটাররা ব্যস্ত পাকিস্তান সিরিজ নিয়ে। ১১ মার্চ শুরু হয়ে সিরিজটি শেষ হবে ১৫ মার্চ। সিরিজ শেষে ঈদের আগেই পরিবারের কাছে ফিরবেন ক্রিকেটাররা। বিসিবির এই উদ্যোগ তাদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে দেবে বলেই মনে করা হচ্ছে।
আরটিভি/এসকে