মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ১২:৪০ পিএম
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের কাঠামোগত দুর্বলতা ও রাজনৈতিক প্রভাবের প্রতি ক্ষোভ প্রকাশ করে মাত্র ২৪ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানালেন তরুণ ক্রিকেটার শাহজাইব ভাট্টি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, “বিদায় পাকিস্তান ক্রিকেট,” এবং অভিযোগ করেছেন, ঘরোয়া ক্রিকেটে সুযোগ না পাওয়াই তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
ভাট্টি শিয়ালকোট অঞ্চলের হয়ে কায়েদ-এ-আজম ট্রফি ২০২৪-২৫ মৌসুমে খেলেছিলেন। ফাইনালে তিনি পেশোয়ার অঞ্চলের বিরুদ্ধে ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন, যা দলের ১ রানের নাটকীয় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু সেই ম্যাচের পর থেকেই অজ্ঞাত কারণে তাকে দলে সুযোগ দেওয়া হয়নি। ভাট্টি দাবি করেছেন, প্রায় ৪০টি ম্যাচে তাকে বেঞ্চে বসানো হয়েছিল।
সামাজিক মাধ্যমে নিজের অবসরের ঘোষণা দিয়ে ভাট্টি লিখেন, ২৪ বছর বয়সে আমি পাকিস্তানের ক্রিকেটকে বিদায় জানাতে বাধ্য হচ্ছি। গত বছর আমি কায়েদ-এ-আজম ট্রফি জয়ী দলের একজন সদস্য ছিলাম। কিন্তু রাজনীতি, দুর্নীতি এবং ঘরোয়া ক্রিকেটের দুর্বল পরিকাঠামো আমার ক্রিকেটজীবনের ক্ষতি করছে।
তিনি আরও বলেন, আরও অনেক প্রতিভাবান ক্রিকেটারই একই কারণে আগে থেকেই ক্রিকেট ছেড়ে দিয়েছেন। তার মতে, পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে সঠিক সুযোগ না পেলে আরও অনেক তরুণ ক্রিকেটারের ক্যারিয়ার অকালেই শেষ হতে পারে।
পরিসংখ্যান অনুযায়ী ভাট্টির ক্যারিয়ার দীর্ঘ নয়। মাত্র দুটি প্রথম শ্রেণির ম্যাচ, একটি লিস্ট ‘এ’ ম্যাচ এবং কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। শিয়ালকোটের এই তরুণ ক্রিকেটারের অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, ২৪ বছর বয়সে একজন ক্রিকেটারের ক্যারিয়ার শেষ হওয়া পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট ব্যবস্থার জন্য বড় প্রশ্ন উত্থাপন করছে।
আরটিভি/এসকে