images

খেলা / অন্যান্য

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি বরকত উল্লাহ বুলু

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ০৩:৩১ পিএম

ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) ঢাকা ক্লাবে অনুষ্ঠিত সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন রাজনীতিবিদ বরকত উল্লাহ বুলু। 

ক্লাবের বর্তমান সভাপতি মোহাম্মদ আব্দুল মুবীন (এসবিপি, অব.) অসুস্থ থাকায় তার সিদ্ধান্ত অনুযায়ী সভায় সভাপতিত্ব করেন ক্লাবের পরিচালক মাহবুব উল আনাম।

এছাড়াও পরিচালনা পর্ষদের ১৬টি পরিচালক পদেও সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত পরিচালকরা হলেন,লোকমান হোসেন ভূইঁয়া, মাহবুব উল আনাম, মোস্তফা কামাল, মো. মোস্তাকুর রহমান, মাসুদুজ্জামান, মো. এনায়েত হোসেন সিরাজ, খায়রুল কবির খোকন, মো. আবুল কালাম, মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, এম এ সালাম, নিলোফার চৌধুরী মনি, সাজেদ এ এ আদেল, সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী।

নির্বাচনের পর নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় দায়িত্ব বণ্টন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে লোকমান হোসেন ভূইঁয়াকে ডিরেক্টর ইনচার্জ (অ্যাডমিনিস্ট্রেশন), মাহবুব উল আনামকে ডিরেক্টর (ফাইন্যান্স) এবং মো. মোস্তাকুর রহমানকে ডিরেক্টর (স্পোর্টস) হিসেবে মনোনীত করা হয়।

এছাড়া মোস্তফা কামালকে ফুটবল কমিটির চেয়ারম্যান করা হয়েছে। ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান করা হয়েছে মো. আবুল কালাম এমপি, এম এ সালাম ও মির্জা ইয়াসির আব্বাসকে। মাসুদুজ্জামানকে ক্রিকেট কমিটির চেয়ারম্যান, সাজেদ এ এ আদেলকে হকি কমিটির চেয়ারম্যান এবং নিলোফার চৌধুরী মনিকে নারী উইংয়ের চেয়ারম্যান করা হয়েছে।

আরও পড়ুন
MIRAZ

পছন্দের ব্যাটিং পজিশন জানালেন মিরাজ

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন খ্যাতিমান আইনজীবী ও ক্লাবের স্থায়ী সদস্য রুহুল কুদ্দুস কাজল। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন আনোয়ারুল হক হেলাল, ব্যারিস্টার মোহাম্মদ ইসমাইল হোসেন এবং ক্রীড়া সাংবাদিক খন্দকার মঞ্জুরুল ইসলাম (দিলু)।

ক্লাব সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই ক্রীড়া প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকা রাখবে।

আরটিভি/এসকে