বুধবার, ১১ মার্চ ২০২৬ , ১০:১২ এএম
সেন্ট জেমস পার্কে বার্সেলোনাকে হারানোর আনন্দে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছিল নিউক্যাসল ইউনাইটেড। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় সেই আনন্দ ম্লান করে দেন লামিনে ইয়ামাল।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে নিউক্যাসলের মাঠে ১-১ গোলে ড্র করে বার্সেলোনা। ম্যাচের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান স্পেনের তরুণ তারকা ইয়ামাল।
ম্যাচের ৮৬তম মিনিটে হার্ভি বার্নেসের গোলে এগিয়ে গিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল। তখনই জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল স্বাগতিকরা। কিন্তু ইনজুরি সময়ে বক্সের মধ্যে বদলি খেলোয়াড় দানি ওলমোকে ফাউল করেন নিউক্যাসলের ডিফেন্ডার মালিক থিয়াও। সেই ফাউল থেকেই পেনাল্টি পায় বার্সেলোনা এবং স্পট কিক থেকে গোল করে সমতা ফেরান ইয়ামাল।
ম্যাচে বেশিরভাগ সময়ই দাপট দেখিয়েছে নিউক্যাসল। এগিয়ে থেকে আগামী বুধবার ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগ খেলতে যাওয়ার খুব কাছেই ছিল তারা। ফলে ১-১ গোলের এই ড্র ম্যাগপাইদের জন্য হতাশাজনকই বলা যায়।
এদিন গ্যালারিতে উপস্থিত ছিলেন নিউক্যাসলের সাবেক তারকা টিনো আসপ্রিলা, যিনি ১৯৯৭ সালে একই প্রতিযোগিতায় বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলের ঐতিহাসিক জয়ে হ্যাটট্রিক করেছিলেন।
ম্যাচ শেষে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক বলেন, এই ফলাফল নিয়ে আমি সত্যিই খুশি। বল নিয়ে আমরা খুব ভালো খেলতে পারিনি, অনেক সময় বল হারিয়েছি এবং সহজ ভুল করেছি। নিউক্যাসল সেটারই সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। তারা বল পেলেই গতি বাড়িয়েছে। এটা সহজ ম্যাচ ছিল না। তবে দল হিসেবে আমরা যেভাবে প্রতিরোধ করেছি, তা প্রশংসার যোগ্য।
আরটিভি/এসকে