বুধবার, ১১ মার্চ ২০২৬ , ০১:৪৫ পিএম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজের প্রথম তিন ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার। সিরিজের শেষ দুই ম্যাচে অধিনায়কত্ব করবেন টেস্ট দলের অধিনায়ক টম ল্যাথাম। প্রায় তিন বছর পর জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলতে পারেন তিনি।
ইনজুরির কারণে এই সিরিজে দলে রাখা হয়নি মাইকেল ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে, উইল ও’রুর্ক ও ব্লেয়ার টিকনারকে। প্রথম তিন ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে পারেন ডেভন কনওয়ে। আর সিরিজের শেষ দুই ম্যাচে উইকেটের পেছনে দেখা যেতে পারে ডেন ক্লেভারকে।
দলে জায়গা পেয়েছেন জেডেন লেনক্স। গত জানুয়ারিতে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা এই ক্রিকেটারের সামনে এবার টি-টোয়েন্টিতে অভিষেকের সুযোগ। এছাড়া সুপার স্ম্যাশে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ওপেনার কাটেনে ক্লার্ক।
স্কোয়াডে আরও আছেন কোল ম্যাকনকি, ইশ সোদি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন ও জিমি নিশাম। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার ন্যাথান স্মিথ, যিনি এখনও নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক করেননি।
আগামী রোববার (১৫ মার্চ) মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক, প্রথম ৩ ম্যাচ), কাটেনে ক্লার্ক (শেষ ২ ম্যাচ), জশ ক্লার্কসন, ডেন ক্লেভার (উইকেটরক্ষক, শেষ ২ ম্যাচ), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক, প্রথম ৩ ম্যাচ), লকি ফার্গুসন (দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ), জ্যাক ফোকস, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, নিক কেলি, টম ল্যাথাম (অধিনায়ক, শেষ ২ ম্যাচ), জেডন লেকন্স (শেষ ২ ম্যাচ), কোল ম্যাকনকি, জিমি নিশাম, টিম রবিসন, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, ইশ সোধি।
আরটিভি/এসকে