images

খেলা / ফুটবল

ঘরের মাঠে লিভারপুলকে হারাল গালাতাসারাই

বুধবার, ১১ মার্চ ২০২৬ , ০১:৫৪ পিএম

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ভালো শুরু করেও হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ইংলিশ ক্লাব লিভারপুলকে। তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের মাঠে ১-০ গোলে হেরে গেছে লিভারপুল।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে অনুষ্ঠিত ম্যাচে একমাত্র গোলটি করেন মারিও লেমিনা। ম্যাচের সপ্তম মিনিটে কর্নার থেকে ভিক্টর ওসিমেনের হেডে বল পেয়ে দুর্দান্ত আরেকটি হেডে জাল খুঁজে নেন তিনি। সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলেছিল লিভারপুল। দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ পান ফ্লোরিয়ান উইর্টজ, তবে তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। পরে ডমিনিক সোবোসালাইয়ের প্রচেষ্টাও ঠেকিয়ে দেন গালাতাসারাইয়ের রক্ষণভাগ।

বল দখলে এগিয়ে থেকে লিভারপুল ম্যাচে মোট ১৫টি শট নেয়, যার ছয়টি ছিল লক্ষ্যে। কিন্তু গালাতাসারাইয়ের গোলরক্ষকের দৃঢ়তায় বারবার ব্যর্থ হয় ইংলিশ চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধেও কয়েকটি ভালো সুযোগ তৈরি করে লিভারপুল। বিশেষ করে হুগো একিটিকের কাছ থেকে নেওয়া শটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন, কিন্তু স্বাগতিক গোলরক্ষক অসাধারণ সেভ করে দলকে এগিয়ে রাখেন।

ইউরোপীয় প্রতিযোগিতায় লিভারপুলের হয়ে সর্বোচ্চ ৮১ ম্যাচ খেলার রেকর্ড গড়া দিনে খুব একটা প্রভাব ফেলতে পারেননি মোহাম্মদ সালাহ। ম্যাচের ৬০ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেন কোচ আরনে স্লট।

আরও পড়ুন
NZ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের দল ঘোষণা

আগামী বুধবার (১৮ মার্চ) অ্যানফিল্ডে ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে লিভারপুল। সেখানে জয় পেলেই কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ফিরতে পারবে ইংলিশ ক্লাবটি।

আরটিভি/এসকে