images

খেলা / ক্রিকেট

টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

বুধবার, ১১ মার্চ ২০২৬ , ০২:০৯ পিএম

প্রায় চার মাস পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। বুধবার (১১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ফলে আগে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান।মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজকে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছে দুই দলই।

সবশেষ গত ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলেছিল টাইগাররা। এরপর ৯৯ দিনের বিরতি শেষে আবার মাঠে ফিরেছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে না পারার হতাশা পেছনে ফেলে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে নতুন উদ্যমে শুরু করেছে বাংলাদেশ।

২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে ওয়ানডে র‍্যাংকিংয়ের সেরা আটটি দল। পাশাপাশি স্বাগতিক দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াও সরাসরি খেলবে। দক্ষিণ আফ্রিকা যদি র‍্যাংকিংয়ের সেরা আটে থাকে, সেক্ষেত্রে সেরা নয় দল সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে। বর্তমানে ওয়ানডে র‍্যাংকিংয়ে দশম স্থানে রয়েছে বাংলাদেশ। তাই সেরা নয়ের মধ্যে জায়গা করে নিতে এই সিরিজটি টাইগারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

গুরুত্বপূর্ণ এই সিরিজে অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, আগামী বিশ্বকাপকে সামনে রেখে ভালো ব্যাটিং উইকেটে খেলার অভ্যাস গড়ে তুলতে হবে দলের ক্রিকেটারদের।

বাংলাদেশের মাটিতে সর্বশেষ ২০১৫ সালে ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান। সেই সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। এছাড়া গত বছর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল পাকিস্তান।

সবমিলিয়ে এখন পর্যন্ত ৩৯টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে বাংলাদেশের জয় ৫টিতে, পাকিস্তান জিতেছে ৩৪ ম্যাচে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৫ জয়ের চারটি এসেছে ২০১৫ সালে।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

পাকিস্তানের একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, হোসাইন তালাত, আব্দুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম ও আবরার আহমেদ।

আরটিভি/এসকে