images

খেলা / ক্রিকেট

শিগগিরই দেশে ফিরব: সাকিব 

বুধবার, ১১ মার্চ ২০২৬ , ০৩:১৪ পিএম

দীর্ঘদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। কবে তিনি দেশে ফিরবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই ছিল অনিশ্চয়তা। তবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি নিজেই জানিয়েছেন, শিগগিরই বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।

দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে সাকিব বলেন, বাংলাদেশে যাব, ইনশা আল্লাহ দ্রুত। ইনশা আল্লাহ।

সবশেষ ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে সিরিজে বাংলাদেশের হয়ে খেলেছিলেন সাকিব। এরপর আর দেশে ফেরেননি তিনি। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষাপটে তিনি বিদেশেই অবস্থান করছেন।

মাগুরা-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামি লীগ এর প্রার্থী হয়ে জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন সাকিব। জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়, যার মধ্যে একটি হত্যা মামলাও রয়েছে। এসব মামলার কারণেই দেশে ফেরার বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবকে দেশে ফেরানোর প্রক্রিয়া নিয়ে কাজ শুরু করেছে বলে জানা গেছে। বিসিবির পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, সাকিবের মামলার ফাইল নিয়ে কাজ চলছে এবং দ্রুতই তিনি আবারও জাতীয় দলে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।  

তবে সম্প্রতি নতুন করে অনিশ্চয়তার কথা শোনান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের নিরপরাধ প্রমাণ করতে পারলেই সাকিব ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আবার দেশের মাঠে খেলতে পারবেন।

আরও পড়ুন
iran

ইরান নারী ফুটবল দলের আরো দুই সদস্য আশ্রয় পেলেন অস্ট্রেলিয়ায়

প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের আইনজীবীর মাধ্যমে আইনগত বিষয়গুলো মোকাবিলা করতে হবে। তারা যদি নিরপরাধ প্রমাণিত হয়ে দেশের মাঠে এসে খেলেন, আমি একজন ক্রীড়াবিদ হিসেবে তাঁদের স্বাগত জানাব। আমরা এ ব্যাপারে শতভাগ নমনীয় থাকব, ইনশা আল্লাহ।


আরটিভি/এসকে