images

খেলা / ফুটবল

ফুটবল বিশ্বকাপে অংশ নেবে না ইরান

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ , ১০:০৯ এএম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রে গিয়ে জাতীয় দলের খেলা সম্ভব নয় বলে জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনজামালি।

দেশটির সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ও হামলার ঘটনাকে কেন্দ্র করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে দাবি করা হয়েছে।

ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনজামালি বলেন, এই দুর্নীতিগ্রস্ত (মার্কিন) সরকার আমাদের নেতাকে হত্যা করেছে। তাই আমাদের বিশ্বকাপে অংশগ্রহণ করার কোনো ইচ্ছে নেই। 

তিনি আরও বলেন, গত আট থেকে নয় মাসে ইরানের ওপর দুটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং এতে কয়েক হাজার নাগরিক নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ নেই।

এদিকে বিষয়টি নিয়ে ইতোমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এর আগে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইনফান্তিনো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ইরানের জাতীয় দল বিশ্বকাপে স্বাগত। 

ইরান সরে দাঁড়ালে তাদের পরিবর্তে কোন দল সুযোগ পাবে তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা রয়েছে ফিফার ফিফার বিধিমালা অনুযায়ী, কোনো সদস্য সংস্থা বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে প্রয়োজনে অন্য দলকে অংশগ্রহণের সুযোগ দেওয়া যেতে পারে।

আরও পড়ুন
REAL-MADRID

ভালভের্দের হ্যাটট্রিকে সিটিকে হারাল রিয়াল মাদ্রিদ

উল্লেখ্য, আগামী ১১ জুন ২০২৬ থেকে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার কথা। প্রথমবারের মতো তিন দেশ কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে যৌথভাবে এই বিশ্বকাপ আয়োজন করবে।

সূত্র: গোল.কম

আরটিভি/এসকে