শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ০৭:১০ পিএম
পর্তুগিজ কোচ হোসে মরিনহো আবারও নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। রেফারি ও প্রতিপক্ষ দলের সঙ্গে বিতর্কে জড়ানোর ঘটনায় তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে পর্তুগালের ফুটবল কর্তৃপক্ষ।
কয়েকদিন আগেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে গিয়েছিল বেনফিকা। কিন্তু সাবেক রিয়াল কোচ মরিনহো প্রতিপক্ষ শিবিরের হয়ে সেখানে উপস্থিত থাকতে পারেননি। রেফারির সমালোচনা করায় তিনি প্লে-অফের ফিরতি লেগে নিষেধাজ্ঞা পেয়েছিলেন।
এবার পর্তুগালের ঘরোয়া লিগ প্রিমেইরা লিগে আবারও শাস্তির মুখে পড়লেন এই কোচ। গত রোববার পর্তুগিজ ক্লাসিকোতে পোর্তোর মুখোমুখি হয়েছিল বেনফিকা। উত্তেজনাপূর্ণ সেই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
ম্যাচের ৯১তম মিনিটে গোল উদযাপনের সময় মরিনহো স্ট্যান্ডের দিকে বল কিক করতে চাইলেও সেটি গিয়ে পড়ে প্রতিপক্ষ পোর্তোর বেঞ্চের দিকে। এতে ক্ষুব্ধ হয়ে পোর্তোর সহকারী কোচ লুইস গঞ্জালেস মরিনহোর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ম্যাচ রেফারি মরিনহোকে লাল কার্ড দেখান।
ঘটনার পর পর্তুগিজ সকার ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল মরিনহোকে দুই ম্যাচ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে একটি নিষেধাজ্ঞা ম্যাচের হিসেবে এবং অন্যটি ১১ দিনের জন্য কার্যকর হবে।
ফলে আগামী শনিবার বেনফিকার ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না মরিনহো। পাশাপাশি ২১ মার্চের ম্যাচেও তার নিষেধাজ্ঞা প্রযোজ্য হতে পারে বলে জানিয়েছে পর্তুগিজ গণমাধ্যম।
তবে এই সিদ্ধান্তকে ‘অনুপযুক্ত ও অন্যায্য’ বলে মন্তব্য করেছেন মরিনহো। বেনফিকা ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।
একই ঘটনার জেরে পোর্তোর সহকারী কোচ লুইস গঞ্জালেসও শাস্তি পেয়েছেন। তাকে এক ম্যাচ ও আট দিনের জন্য নিষিদ্ধ করেছে ডিসিপ্লিনারি কাউন্সিল। জানা গেছে, তর্কের সময় মরিনহো গঞ্জালেসকে উদ্দেশ করে ‘তুমি ছোট’ বলে ইঙ্গিত করছিলেন। এর জবাবে গঞ্জালেস তাকে ‘বিশ্বাসঘাতক’ বলে সম্বোধন করেন।
উল্লেখ্য, এর আগে পোর্তোর কোচ হিসেবে ২০০৪ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন মরিনহো।
আরটিভি/এসকে