সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ১০:২০ এএম
দীর্ঘ গুঞ্জনের পর অবশেষে সত্যি হলো। দুই মার্কিন প্রবাসী ফুটবলার, জমজ ভাই রোনান ও ডেক্লান সুলিভান, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে ঢাকায় পৌঁছেছেন। তারা অংশ নেবেন অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে, লাল-সবুজ জার্সি গায়ে।
বড় ভাই ক্যাভান সুলিভান ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যুবদলে খেলেছেন। তাই রোনান ও ডেক্লানের সামনে সুযোগ ছিল আমেরিকার জার্সি গায়ে খেলবার। তবুও তারা তাদের নানুর দেশ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করাটাকেই সম্মানের বিষয় মনে করেছেন।
ডেক্লান সুলিভান বলেন, আমি খুবই আনন্দিত যে অবশেষে লাল-সবুজ জার্সি জড়াতে যাচ্ছি। ভক্তরা এর জন্য অপেক্ষা করেছেন। এটি আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়।
দুই ভাই দলের মধ্যে আলাদা ভূমিকা নেবেন। ডেক্লান শক্তিশালী ডিফেন্স সামলাবেন, আর রোনান থাকবেন আক্রমণভাগে। তারা মনে করেন, আমেরিকা বা জার্মানি রিপ্রেজেন্ট না করে বাংলাদেশ বেছে নেওয়া তাদের জন্য গর্বের।
রোনান বলেন, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমরা খুবই আনন্দিত। এখন আমাদের জিততে হবে এবং দেশের জন্য কিছু দিতে হবে।
দলের টিম ম্যানেজার আশা করছেন, দুই প্রবাসীর অন্তর্ভুক্তি কেবল অনূর্ধ্ব-২০ দলে নয়, ভবিষ্যতে জাতীয় দলে ও ইতিবাচক প্রভাব ফেলবে। রোনান ও ডেক্লানের বাবা আমেরিকান, মা জার্মান। তবে তাদের নানু বাংলাদেশি। সেই সূত্রেই তারা লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামছেন।
আরটিভি/এসকে