সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ০৫:১৭ পিএম
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামতে মরিয়া নেইমার জুনিয়র। এ জন্য নিজের ফিটনেস নিয়ে কাজ করছেন তিনি। আনচেলত্তির কাছে নিজেকে ফিট প্রমাণ করতে আজ সান্তোসের হয়ে মাঠে নামবেন নেইমার।
সোমবার (১৬ মার্চ) কাম্পিওনাতো ব্রাসিলিরো সিরি আ-তে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী সান্তোস ও করিন্থিয়ানস। ভিলা বেলমিরোর এই লড়াইয়ে ফুটবল ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সান্তোসের প্রাণভোমরা নেইমার জুনিয়র।
গত ম্যাচে বিশ্রামে থাকার পর আজ 'ক্লাসিকো আলভিনেগ্রো' ডার্বিতে বছরের প্রথম বড় ম্যাচ খেলতে মাঠে নামছেন এই তারকা ফরোয়ার্ড। সান্তোসে নিজের দ্বিতীয় মেয়াদে ফেরার পর এটি নেইমারের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ।
৩৪ বছর বয়সি এই ফুটবলার গত মৌসুমে ইনজুরি ও দলগত সিদ্ধান্তের কারণে বেশ কিছু ডার্বি মিস করেছিলেন।
ক্লাব কর্তৃপক্ষ জানায়, করিন্থিয়ানসের বিপক্ষে এই মর্যাদার লড়াইয়ের কথা মাথায় রেখেই গত ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ইতোমধ্যে দলের সাথে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিয়ে নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছেন তিনি।
নেইমারের শারীরিক অবস্থা নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ গুঞ্জন ছড়িয়েছিল। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে সাবেক বার্সেলোনা তারকা নিজেই ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন যে, তিনি কোনো ইনজুরিতে নেই এবং পরবর্তী ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত।
যেভাবে দেখবেন খেলা
সান্তোসের ম্যাচটি সরাসরি কেউ লাইভ দেখাবে না। তবে সান্তোসের ম্যাচটি দেখা যাবে Fanatiz ও CazeTV এ। এ ছাড়াও ম্যাচের স্কোর ও আপডেট দেখাবে যাবে Flashscore ও SofaScore এর মাধ্যমে।
আরটিভি/এসআর