সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ১১:১৯ পিএম
গত বছর অক্টোবরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। বোর্ডের আশঙ্কা, বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চোখে ‘বাহ্যিক হস্তক্ষেপ’ হিসেবে বিবেচিত হতে পারে।
সোমবার (১৬ মার্চ) এক বিবৃতিতে এই কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিবৃতিতে বিসিবি বলেছে, বর্তমান বোর্ড তাদের গঠনতন্ত্র অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়েছে এবং দায়িত্ব গ্রহণের পর থেকে নিয়মিতভাবে ক্রিকেট প্রশাসনের কার্যক্রম পরিচালনা করে আসছে। এমন অবস্থায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বোর্ডের স্থিতিশীলতা, স্বাধীনতা ও প্রশাসনিক ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে বলে মনে করছে তারা।
বিবৃতিতে আরও বলা হয়, আইসিসির পূর্ণ সদস্য হিসেবে বিসিবি আন্তর্জাতিক ক্রিকেটের গ্লোবাল গভর্ন্যান্স কাঠামোর অধীনে পরিচালিত হয়। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো নির্বাচিত ক্রিকেট বোর্ডের কার্যক্রমে তৃতীয় পক্ষ বা সরকারি হস্তক্ষেপের সম্ভাবনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় এবং এ ধরনের ঘটনা আইসিসির গভর্ন্যান্স ও কমপ্লায়েন্স নীতিমালার আওতায় তদন্তের কারণ হতে পারে।
বিসিবি জানিয়েছে, বিষয়টি নিয়ে ইতোমধ্যে আইসিসির শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। সেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো ক্রিকেট বোর্ডের কর্মকাণ্ডে হস্তক্ষেপ হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে এমন পরিস্থিতি আন্তর্জাতিক ক্রিকেটের শাসন কাঠামোর দৃষ্টিতে উদ্বেগের কারণ হতে পারে।
তবে আইসিসির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করার আগে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গেই সরাসরি আলোচনা করতে চায় বিসিবি। গেজেট প্রকাশের প্রেক্ষাপট, উদ্দেশ্য ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে পরিষ্কার ব্যাখ্যা চাইবে বোর্ড।
বিসিবি বলেছে, তারা দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের স্বীকৃত নীতিমালা অনুযায়ী নির্বাচিত ক্রিকেট প্রশাসনের স্বায়ত্তশাসন বজায় রাখাও জরুরি।
বোর্ড আশা করছে, বিষয়টি এমনভাবে নিষ্পত্তি করা হবে যাতে বাংলাদেশের ক্রিকেটের স্থিতিশীলতা, স্বাধীনতা ও অগ্রযাত্রা অব্যাহত থাকে এবং আন্তর্জাতিক ক্রিকেটে দেশের অবস্থানও সুরক্ষিত থাকে।
আরটিভি/এসআর