images

খেলা / ফুটবল

ইতিহাসের সবচেয়ে বড় শাস্তি পেল চেলসি

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ০৮:২৪ এএম

ইংলিশ জায়ান্ট চেলসি আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে রেকর্ড জরিমানার মুখে পড়েছে। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ক্লাবটিকে ১ কোটি ৭৫ লাখ পাউন্ড জরিমানা করার পাশাপাশি নয় মাসের একাডেমি ট্রান্সফার নিষেধাজ্ঞা দিয়েছে।

তদন্তে উঠে এসেছে, সাবেক মালিক রোমান আব্রামোভিচের আমলে ২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে খেলোয়াড় ট্রান্সফারের সময় এজেন্ট ও অনিবন্ধিত মধ্যস্থতাকারীদের গোপনে অর্থ প্রদান করা হয়েছিল। এসব লেনদেন ফুটবল নিয়ন্ত্রক সংস্থার কাছে প্রকাশ করা হয়নি।

এই অনিয়মের জেরে প্রিমিয়ার লিগ ইতিহাসে এটিই সবচেয়ে বড় অঙ্কের জরিমানা হিসেবে বিবেচিত হচ্ছে। তবে ক্রীড়াগতভাবে বড় শাস্তি যেমন পয়েন্ট কাটা এড়াতে পেরেছে চেলসি। এছাড়া প্রথম দলের খেলোয়াড় কেনাবেচায় দুই বছরের জন্য একটি স্থগিত নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে একই ধরনের অপরাধ হলে কার্যকর হবে।

তদন্ত প্রক্রিয়ায় ক্লাবটির ‘ব্যতিক্রমী সহযোগিতা’ বিবেচনায় নিয়ে এই সমঝোতায় পৌঁছেছে প্রিমিয়ার লিগ। উল্লেখ্য, ২০২২ সালে ক্লাবটি অধিগ্রহণের পর নতুন মালিকানা প্রতিষ্ঠান নিজেরাই এসব অনিয়ম প্রকাশ করে।

আরও পড়ুন
CHAMPIONS-LEAGUE

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

তদন্তে আরও জানা গেছে, স্যামুয়েল ইতো, এডেন হ্যাজার্ড ও উইলিয়ানের মতো তারকাদের ট্রান্সফারের সময়ও গোপন অর্থপ্রদানের ঘটনা ঘটেছিল।

চেলসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা শুরু থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছে এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করেছে। ক্লাবটি প্রিমিয়ার লিগের পক্ষ থেকে তাদের সহযোগিতার স্বীকৃতি পাওয়াকে স্বাগত জানিয়েছে।

আরটিভি/এসকে