images

খেলা / ফুটবল

চেলসিকে ৮ গোল দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে পিএসজি

বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ১০:৪৬ এএম

ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে বড় এক ধাক্কা খেল ইংলিশ ক্লাব চেলসি। শেষ ষোলোর দুই লেগ মিলিয়ে ৮-২ গোলের বিশাল ব্যবধানে তাদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

প্রথম লেগে ফ্রান্সের পার্ক দে প্রিন্সেসে ৫-২ গোলে হারের পর দ্বিতীয় লেগে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ৩-০ গোলে পরাজিত হয় চেলসি। ফলে দুই লেগ মিলিয়ে একপ্রকার বিধ্বস্ত হয় ইংলিশ ক্লাবটি। 

ম্যাচের শুরুতেই বিপদে পড়ে চেলসি। ষষ্ঠ মিনিটে ডিফেন্ডার মামাদো সারের ভুলের সুযোগ নিয়ে গোল করেন কভিচা কারাতখেলিয়া। এরপর ১৪ মিনিটে ব্যবধান বাড়ান ব্রাডলি বার্কোলা। ম্যাচের শেষদিকে বেঞ্চ থেকে নামা ১৯ বছর বয়সী মিডফিল্ডার সেনি মায়ুলু তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন।

দুই লেগের ফলাফল চেলসির জন্য ইউরোপীয় প্রতিযোগিতায় অন্যতম বড় পরাজয় হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে ২০২০ সালে বায়ার্ন মিউনিখের কাছে ৭-১ ব্যবধানে হেরেছিল তারা।

আরও পড়ুন
ARSENAL

লেভারকুসেনেকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনাল

হতাশাজনক পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়ে ম্যাচের শেষ ৩০ মিনিটের মধ্যেই স্টেডিয়াম ছাড়তে শুরু করেন দর্শকরা। পুরো ম্যাচজুড়েই চেলসির অসহায় আত্মসমর্পণ স্পষ্ট ছিল।

এই জয়ের ফলে ইউরোপ সেরার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেল পিএসজি, আর চেলসির জন্য এটি হয়ে রইল একটি তিক্ত স্মৃতি।

আরটিভি/এসকে