বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ১২:০৩ পিএম
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে স্পেনের বিপক্ষে ফিনালিসিমা ও কাতারের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ বাতিল হওয়ার পর আর্জেন্টিনা নতুন প্রতিপক্ষ পেয়েছে। আগামী ২৭ মার্চ আর্জেন্টিনা গুয়াতেমালার সঙ্গে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন মঙ্গলবার নতুন সূচি ও প্রতিপক্ষ ঘোষণা করেছে। ম্যাচটি বুয়েন্স আইরেসে অনুষ্ঠিত হবে বলে আশা করা যাচ্ছে, তবে কনসার্টের কারণে ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়াম ব্যবহার করা সম্ভব হচ্ছে না। প্রশাসন দুটি বিকল্প স্থানের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অনেক সমর্থক লা বোম্বোনেরাকে ‘সৌভাগ্যের প্রতীক’ হিসেবে দেখছেন, কারণ গত বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শেষ ম্যাচও এখানেই হয়েছিল।
মূলত, কাতারের দোহা লুসাইল স্টেডিয়ামে ২৭ মার্চ লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের ফিনালিসিমা ম্যাচ হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে গত রোববার ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা ম্যাচটি বাতিল করেছে।
ফিনালিসিমা বাতিলের ফলে আর্জেন্টিনা প্রথমবারের মতো চার বছরের বিশ্বকাপ চক্রে কোনও ইউরোপীয় দলের সঙ্গে খেলবে না। এই ম্যাচ বিশ্বচ্যাম্পিয়নের জন্য ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করার আগে শেষ প্রস্তুতি ম্যাচ হিসেবে বিবেচিত হবে।
আরটিভি/এসকে